ঘুষ না পেয়ে ক্রিকেটারকে বাদ, বিসিবির কোচের বিরুদ্ধে অভিযোগ

বিসিবির কোচের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছে ক্রিকেটার নাঈমসৌজন্য ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পর্যায়ে বয়সভিত্তিক পর্যায়ে চূড়ান্ত দল নির্বাচন করছে বিসিবি। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের সেরা ক্রিকেটারদের বেছে নেওয়ার এ প্রক্রিয়ায় একটু কালি লেগেছে। বাগেরহাট জেলার দায়িত্বে থাকা বিসিবির কোচ আবু তাহেরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছে মোহাম্মদ নাঈম নামের একজন ক্রিকেটার।

বাগেরহাট অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই ক্রিকেটার বিসিবির কাছে লিখিত অভিযোগ করেছে।

আজ বিসিবি কার্যালয়ে এ অভিযোগের শুনানি হয়েছে। শুনানিতে উপস্থিত ছিলেন অভিযুক্ত কোচ আবু তাহের ও অভিযোগকারী ক্রিকেটার নাঈম।

৩ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৬ বাগেরহাট জেলা দল নির্বাচন করা হয়েছে। ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়ে নাঈম। তার অভিযোগ, কোচ তার কাছে দলে সুযোগ দেওয়ার জন্য ঘুষ চেয়েছিলেন।

কিন্তু সেটা করেনি এই ক্রিকেটার। শুধু এ কারণেই নাকি তাঁকে দল থেকে বাদ দিয়েছেন কোচ, ‘বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিলেন। আমি প্রথমে ভেবেছিলাম আমার সঙ্গে তিনি মজা করছেন। কারণ, আমার আর্থিক অবস্থা সম্পর্কে তিনি জানেন। যখন পারফর্ম করার পরও আমাকে দলে নেওয়া হলো না, তখন আমি বুঝতে পারি ঘটনাটা কী।’

বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান ওবেদ রশিদ নিজাম বলেছেন, ‘আমরা এ ব্যাপারে একটি শুনানি করেছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা কোচকে ছাড় দেব না। তবে বিষয়টি তদন্ত করতে সময় লাগবে।’

কোচ আবু তাহের অবশ্য নাঈমের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের কোনো কথা হয়নি। দল নির্বাচনে ভুল হতে পারে। তবে আমি কখনো কারও কাছে টাকা চাইনি।’