ঘূর্ণিই দেখছেন কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সংবাদ সম্মেলনে কুক। ছবি: প্রথম আলো
আজ সংবাদ সম্মেলনে কুক। ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় কায়ান্টই কি তবে উপকার করে দিয়ে গেল ইংল্যান্ডের? এখন ঢাকার যে আবহাওয়া, সেটা দেখে নিশ্চয়ই পছন্দ হচ্ছে ইংল্যান্ডের। বাংলাদেশ স্পিনের ঘূর্ণিতে ইংল্যান্ডকে বিপাকে ফেলার যে পরিকল্পনা করছে, সেটিতেও গড়বড় করে দিতে পারে ঘূর্ণিঝড়। অবশ্য ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছেন, চট্টগ্রামে যে রকম স্পিনিং উইকেটে পরীক্ষা তাদের দিতে হয়েছিল, ঢাকাতেও একই পরীক্ষায় ফেলতে চাইবে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের প্রথম থেকেই স্পিন করছি বল। তবে মিরপুরের উইকেট সাধারণত চট্টগ্রামের চেয়ে কম স্পিন-সহায়ক। কিন্তু বাংলাদেশ নিজেদের ঘরে খেলার সুবিধার পুরোটাই উশুল করতে চাইবে বলেই মনে হচ্ছে কুকের, ‘আমরা খুব বেশি তথ্য-পরিসংখ্যান ঘাঁটি না। তবে অতীত বলছে, চট্টগ্রামের চেয়ে ঢাকায় বল ঘোরে কম। যদিও এই টেস্টে ব্যাপারটি সে রকম হবে না। আমার তো মনে হয়, বাংলাদেশ স্পিনকেই নিজেদের মূল অস্ত্র মানছে হোম অ্যাডভান্টেজ নিতে, চট্টগ্রামে যেমনটা করেছিল। এখানেও উইকেটে বল অনেক ঘুরবে।’

প্রশ্নপত্র তো আগেই ফাঁস হয়ে গেছে। উত্তরও কি তবে ঠিক করে রেখেছে ইংল্যান্ড? কুক কিন্তু জানাচ্ছেন, পুরোপুরি স্পিননির্ভর আক্রমণে যাবে না তাঁর দল। বরং চট্টগ্রাম টেস্টে রিভার্স সুইং করে বাংলাদেশকে ভোগানো পেসারদের ওপর রাখতে চাইছেন আস্থা। অধিনায়ক বলেছেন, ‘চট্টগ্রামে গ্রেট একটা টেস্ট ম্যাচ হয়েছে, যেখানে বাংলাদেশও দুর্দান্ত খেলেছে। ওরা তো স্পিন খুব ভালো খেলে, স্পিন খেলে খেলেই তো ওদের বড় হওয়া। আশা করি, আমরা আরও উন্নতি করব। আমাদের স্পিনারদের আরও ভালো লেংথে বল করতে হবে। তবে আমরা যেভাবে বল রিভার্স সুইং করালাম, সেটাও আমার ভালো লেগেছে। আমাদের টপ অর্ডারে উন্নতি করতে হবে, সেখানে আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলছি। একই সঙ্গে স্কিড করছে আবার স্পিন করছে—এমন বল ওপেনারদের জন্য খেলা কঠিন ছিল। আশা করি, এই টেস্টে আমরা ভালো শুরু পাব, টপ অর্ডারে কেউ সেঞ্চুরি করবে।’