প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিনটা ভালো খেলার সুনাম আছে ভারতের। অথচ এবার অফ স্পিনার মঈন আলীকে খেলতে প্রাণপাত দশা ভারতীয় ব্যাটসম্যানদের। চার টেস্টে এখন পর্যন্ত ১৯ উইকেট নিয়েছেন মঈন, ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ঘূর্ণিবলে এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু রে ইলিংওয়ার্থ। ১৯৬৭ সালে ৫ টেস্টের সিরিজে ২০ উইকেট নিয়েছিলেন ইলিংওয়ার্থ। তবে হোম-অ্যাওয়ে মিলিয়ে রেকর্ড এটা নয়। ১৯৭৬ সালে ভারতের মাটিতেই ৫ টেস্টে ২৯ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার ডেরেক আন্ডারউড। সব মিলিয়ে ভারতের সঙ্গে বিদেশে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আলফ ভ্যালেন্টাইনের। ১৯৫৩ সালে ৫ টেস্টে ভ্যালেন্টাইন নিয়েছিলেন ২৮ উইকেট। আর ভারতের মাঠে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার রিচি বেনোর (২৯টি, ১৯৫৯ সালে)।