ঘোষিত হলো ভারত সফরের পূর্ণ সূচি

বাংলাদেশের আলোচিত ভারত সফরের পূর্ণাঙ্গ সূচি অবশেষে প্রকাশ করা হলো। সিরিজের একমাত্র টেস্টটি হায়দরাবাদেই হবে, নাকি অন্য কোথায়? প্রস্তুতি ম্যাচ কোথায় হবে? গত কিছুদিন নানা প্রশ্ন ভেসেছে বাতাসে। সব প্রশ্নের উত্তর মিলেছে। টেস্ট ও প্রস্তুতি ম্যাচ হায়দরাবাদেই হচ্ছে।
পরিবর্তন বলতে একটাই, প্রথমে জানা গিয়েছিল, বাংলাদেশ খেলবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ঘোষিত সূচি বলছে, প্রস্তুতি ম্যাচটা আসলে দুই দিনের। ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ রওনা দেবে ২ ফেব্রুয়ারি। ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুশীলন কিংবা বিশ্রাম। হায়দরাবাদের সেকানদেরাবাদের জিমখানা মাঠে ৫ ও ৬ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলের সঙ্গে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুশীলনের পর ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক টেস্ট।
নিউজিল্যান্ড সফর শেষে খেলোয়াড়েরা আপাতত ছুটিতে। ভারত সিরিজ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ অনুশীলন শুরু করবে ৩১ জানুয়ারি।