চক্র পূরণের অপেক্ষায় কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

শেষ দিনের বৃষ্টিটাই সব গড়বড় করে দিল। নইলে লর্ডসের দর্শকেরা হয়তো সিরিজের দারুণ একটা শেষ দেখতে পেতেন। সেটি হয়নি বলে সবচেয়ে বেশি হতাশ যে ইংল্যান্ড, তা আর বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কাকে ধবলধোলাই করার সুযোগটা যে ফসকে গেল!
তবে শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জেতাও বড় অর্জন বলেই মনে করেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। সেই অর্জনের গর্ব নিয়েই বললেন, ‘আমরা দুটি টেস্ট জিতেছি। একটা ইনিংস ব্যবধানে, অন্যটি ৯ উইকেটে। তৃতীয়টিতেও জয়ের লক্ষ্য নিয়ে ইনিংস ঘোষণা করেছিলাম। তিনটি দারুণ ম্যাচ খেলেছি।’
ইংল্যান্ডের গর্বের জায়গা আরও আছে। এই সিরিজ জেতায় টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সবার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের ট্রফিটা এখন ইংল্যান্ডের কাছে। আগামী মাসে ইংল্যান্ডের পরের সিরিজটাই পাকিস্তানের বিপক্ষে। সেটিও জিতে এ চক্র পূরণ করতে চান কুক, ‘সব সময়ই আরও উন্নতি করার সুযোগ থাকে। আমরা এখানে একটা ট্রফি জিতেছি। কিন্তু এখনো পাকিস্তানের বিপক্ষে আরও একটা ট্রফি জেতার বাকি।’
উল্টো অবস্থা শ্রীলঙ্কা দলে। অ্যাঞ্জেলো ম্যাথুসের দল সিরিজটাই এত বাজেভাবে শুরু করেছিল, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে সামনেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ, যেটি শুরু হবে আগামী ২১ জুন থেকে। এর আগে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ারও সুযোগ পাচ্ছে শ্রীলঙ্কা। ভিন্ন সংস্করণে নতুন কিছু করার প্রত্যয় শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুসের কণ্ঠে, ‘আশা করছি, ওয়ানডে সিরিজে আমরা ঘুরে দাঁড়াতে পারব এবং ইংল্যান্ডকে হারাব।’ এএফপি, রয়টার্স।