চক্র পূর্ণ করলেন মাহমুদউল্লাহ

হারারে টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে ড্রেসিং রুমে ফেরার পথে সেঞ্চুরি করে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ ও তাঁর সঙ্গী তাসকিনছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয় কাইয়াকে বোলিংয়ে আসতে দেখেই হয়তো মনস্থির করে ফেলেছিলেন মাহমুদউল্লাহ।

৯৫ থেকে পরপর দুই বলে দুটি চার মেরে ১০৩ রানে পৌঁছে যেতে যেমন ডেলিভারি দরকার, ঠিক তেমন দুটি বলই করলেন জিম্বাবুয়ের এই অনিয়মিত বোলার। অফ স্টাম্পের বাইরে শর্ট বল, প্রথমটি গেল পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে। পরেরটি ডিপ পয়েন্টে।

১৬ মাস টেস্ট দলের বাইরে থাকার পর একটি টেস্ট সেঞ্চুরির খুব কাছে এসে এটুকু ‘উপহার’ তো মাহমুদউল্লাহ পেতেই পারেন। উপহার দুটি সাদরে গ্রহণ করে মাহমুদউল্লাহ পৌঁছে গেলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে। এরপরই তাঁর উদ্‌যাপনের হুংকার—১৬ মাস পর টেস্ট দলে ফিরেই সেঞ্চুরি বলে কথা! এমন উদ্‌যাপন তো প্রত্যাশিতই।

মাহমুদউল্লাহর ১৯৫ বলের সেঞ্চুরিতে যেন তাঁর ৫০ টেস্টের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের গল্প লেখা। হারারেতে যেমন বাংলাদেশের প্রথম ইনিংসকে খাদের কিনার থেকে দুই দফা টেনে তুলেছেন মাহমুদউল্লাহ, প্রথমে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে, পরে তাসকিন আহমেদের সঙ্গে। তাঁর টেস্ট ক্যারিয়ারও এ নিয়ে দুই দফা হোঁচট খেয়েছে। দুবারই মাহমুদউল্লাহ ঘুরে দাঁড়িয়েছেন।

মাহমুদউল্লাহ ড্রেসিং রুমে ফেরার পথে সতীর্থদের করতালি
ছবি: বিসিবি

মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল আট নম্বর ব্যাটসম্যান হিসেবে। ‘বিশ্বের সেরা আট নম্বর ব্যাটসম্যান’—২০১০ সালে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহর ব্যাটিং দেখে সুনীল গাভাস্কারের মন্তব্য। কিছুদিন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে আটে নেমেই পেয়ে যান তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

এরপর সাধারণত সব টেস্ট দলে যা হয়, তাই হয়েছে মাহমুদউল্লাহর ক্ষেত্রে। লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করলে প্রত্যাশিতভাবেই ব্যাটিং অর্ডারে উন্নতি হয়। মাহমুদউল্লাহ এক লাফে ৮ নম্বর থেকে উঠে আসেন ৫-এ। এরপর ৫, ৬, ৭ নম্বরেই বেশি ব্যাটিং করেছেন। বাংলাদেশের বিচারে অতটা অধারাবাহিকও ছিলেন না। ফর্মের ওঠানামা মিলিয়ে ত্রিশের আশপাশের গড়ে রান করেছেন।

মাহমুদউল্লাহর জায়গায় সুযোগ দেওয়ার মতো তরুণ ক্রিকেটারও এসেছে কদিন পরপর। আর জাতীয় দলের কোচরাও কদিন পরপর তরুণদের সুযোগ দিতে মাহমুদউল্লাহকে বাদ দিতে চাইতেন।

লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে টপ অর্ডারে ব্যাট করা মুশফিক, তামিম, সাকিব, মুমিনুলদের মতো বিরাট সেঞ্চুরি করার সুযোগ থাকে না। বাদ দেওয়ার জন্য সহজ লক্ষ্যবস্তু হতে পারতেন একমাত্র মাহমুদউল্লাহই। হয়েছেও তাই। ২০১৭ সালের শ্রীলঙ্কা সফরে যেমন শততম টেস্টের দল থেকে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয় মোসাদ্দেক হোসেনকে। চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন জাতীয় দলের কোচ।

তাসকিনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মাহমুদউল্লাহ
ছবি: বিসিবি

একই বছর টেস্ট দলে ফিরে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে ৬৬ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। এরপর আরও কয়েক বছর টেস্ট দলে নিয়মিত ছিলেন। আগে যেমন ব্যর্থতা, সাফল্য মিলিয়ে চলছিল তাঁর টেস্ট ক্যারিয়ার, ২০১৭ সালে শততম টেস্টের পরও একই গতিতে এগোচ্ছিলেন মাহমুদউল্লাহ।

২০১৮-১৯ সালে এসে টেস্ট ক্যারিয়ারের সেরা ছন্দ খুঁজে পান মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফর মিলিয়ে ছয় ইনিংসের ৩টি সেঞ্চুরি করেন। এর মধ্যে হ্যামিল্টনে তৃতীয় ইনিংসে মাহমুদউল্লাহর ১৪৬ রানের ইনিংসকে বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা সেঞ্চুরি।

এরপর আবার পারফরম্যান্স নিম্নমুখী হতে থাকে। ২০২০ সালের রাওয়ালপিন্ডিতে নেমে যায় তলানিতে। পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহর হ্যাটট্রিক বলে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন। অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে টিম ম্যানেজমেন্ট ও বিসিবির চোখের বিষে পরিণত হন তিনি।

আস্থার প্রতীক হয়েই ব্যাট করেছেন মাহমুদউল্লাহ
ছবি: এএফপি

এরপর প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মাহমুদউল্লাহকে বাদ দেন টেস্ট দল থেকে।
এ সময়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটও খুব যে ভালো করছিল, তা নয়। তবে নতুন করে গড়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছোট ছোট পদক্ষেপে এগোচ্ছিল মুমিনুল হকের দল। তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য দল গড়ার ইঙ্গিত দিচ্ছিল টিম ম্যানেজমেন্ট।

কিন্তু কোনো প্রক্রিয়া বাংলাদেশ ক্রিকেটে সাধারণত বেশি দিন টেকে না। ফলটাই এখানে আসল। এই ধারাবাহিকতায় তাই জিম্বাবুয়ের বিপক্ষে তামিমদের খেলতে নামতে হয় হারের ভয় নিয়ে। যদিও সব প্রক্রিয়া ভুলে সেই মাহমুদউল্লাহকেই ফিরিয়ে আনা হয় টেস্ট দলে। দল সাজানো হয় কার্যত ৯ ব্যাটসম্যানে।

এক প্রান্ত আগলে ব্যাট করছেন মাহমুদউল্লাহ। তাঁর ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ
ছবি: এএফপি

এ তো গেল দলের গল্প। কিন্তু ব্যক্তিগতভাবে মাহমুদউল্লাহ ঠিক তাই করেছেন, যা তিনি ফেলে আসা পথে করে এসেছেন। ফেরার ম্যাচটি তিনি স্মরণীয় করলেন রান করে, টিম ম্যানেজমেন্টকে জবাব দিয়ে।

২০১০ সালে হ্যামিল্টনে তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি এসেছিল আট নম্বরে ব্যাটিং করতে নেমে। আজ তাঁর পঞ্চম সেঞ্চুরিও এলো আটে নেমে। মাহমুদউল্লাহ যেন তাঁর ৫০তম টেস্ট খেলতে নেমে সম্পূর্ণ চক্র পূর্ণ করলেন!