চট্টগ্রাম থেকে দুহাত ভরে ঢাকায়

একমাত্র মাশরাফি বিন মুর্তজা ছাড়া আর কেউ নেই এই দলে। প্রথম টেস্টজয়ী দলের সদস্য তিনি। চট্টগ্রামের মাটিতে ইতিহাসটি রচিত হয়েছিল ২০০৫ সালে, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। পরে ঢাকা টেস্ট ড্র করে পুরো সিরিজটিই জিতে নিয়েছিলেন মাশরাফিরা। চট্টগ্রামে একটি ম্যাচ জেতার পর এক দিনের সিরিজটিও ঢাকায় গিয়ে জিতেছিল স্বাগতিক দল।
সেই জিম্বাবুয়ের বিপক্ষেই এবার চট্টগ্রাম থেকে দুহাত ভরে কাল আবার ঢাকায় ফিরল বাংলাদেশ। সকালটা বিশ্রাম নিয়ে বিকেলে রওনা হয়েছে দুই দল। ঢাকায় হবে সিরিজের পরবর্তী তিনটি ওয়ানডে।
ঢাকায় যেতে যেতে মাশরাফি তাঁর অনুজদের কাছে সেই দিনগুলোর স্মৃতিচারণা করতেই পারেন। তার সঙ্গে চট্টগ্রামে সদ্য শতভাগ সাফল্যের ভেলায় চড়ে আর একটি ধবলধোলাইয়ের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন সতীর্থদের মাঝে। তবে এই স্বপ্ন এখনই যে দেখতে নারাজ, তা দ্বিতীয় ম্যাচ জয়ের পরই জানিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। একটি ম্যাচ জিতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চান মাশরাফি। ৪-০ করার পরই শুধু ওই স্বপ্ন দেখার পক্ষপাতী বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
ঢাকা ও খুলনার পর চট্টগ্রাম শেষ টেস্টটি জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ধবলধোলাই করার স্বাদ পেয়েছে বাংলাদেশ। এক দিনের সিরিজে ধবলধোলাই করার স্বাদ অবশ্য এর আগে অনেকবারই পেয়েছে বাংলাদেশ। তবে সত্যটা হলো, মাশরাফি তাঁর স্বপ্নে লাগাম পরিয়ে রাখতে চাইলেও চট্টগ্রামে প্রথম দুই ম্যাচের জয় ধবলধোলাইয়েরই স্বপ্ন আঁকতে শুরু করেছে। সে ক্ষেত্রে মাশরাফিদের জন্য প্রেরণা হতে পারে চট্টগ্রাম। দ্বিতীয় এক দিনের ম্যাচে ম্যাচসেরা মাশরাফির বোলিং অনেকটাই মনে করিয়ে দিয়েছে পুরোনো নড়াইল এক্সপ্রেসকে। চট্টগ্রাম তাঁর সতীর্থ কয়েকজনকেও পরিয়েছে ব্যক্তিগত অর্জনের মুকুট।
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিটা ঘরের মাঠে তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি। ওই শতক এক দিনের ম্যাচেও হাসি ফুটিয়েছে তাঁর ব্যাটে। কক্সবাজারে আন্তর্জাতিক ভেন্যু না থাকায় মুমিনুলের ঘরের মাঠ বলতে এই চট্টগ্রামই। সেখানে আরেকটি টেস্ট সেঞ্চুরি করে ম্যাচসেরা তিনি। এ ছাড়া প্রথম ম্যাচে সাকিবের সেঞ্চুরি ও ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে আরাফাত সানির প্রথম ৪ উইকেট—বলতে গেলে পুরো দলেরই এবারই দারুণ গেল চট্টগ্রামে।
এসব তো গেল তরতাজা স্মৃতি। অতীতেও চট্টগ্রাম বাংলাদেশকে অনেক দিয়েছে। জিম্বাবুয়েসহ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সব দলের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত ১৫টি এক দিনের ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের জয় ৯ ম্যাচে। এখানে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকেও হারানোর স্মৃতিটাও উজ্জ্বল।