চট্টগ্রাম পর্বের শেষ আফিফে

বিপিএলে দেশিদের রাজত্ব শুরু হয়েছে কাল। চট্টগ্রাম পর্বের শেষ দিনটাও রাঙালেন দেশি ক্রিকেটাররা। প্রথম ম্যাচ মেহেদী হাসানের ঝড়ের পর দিনের শেষ ম্যাচেও আলো ছড়ালেন আফিফ। এই অলরাউন্ডারের ৭৬ রানের ইনিংসে আড়ালে চলে গেল ডেভিড ম্যালানের দারুণ এক সেঞ্চুরিও। কুমিল্লা ওয়ারিয়র্সকে টানা দ্বিতীয় দিনে দ্বিতীয় হার উপহার দিয়ে রাজশাহী রয়্যালস ম্যাচ জিতে নিয়েছে ৭ উইকেটে।
১৭১ রানের লক্ষ্য পেয়েছিল রাজশাহী। মুজীব-উর-রহমানকে একপ্রান্তে দেখে রয়েসয়ে শুরু করেছিলেন লিটন দাস ও আফিফ হোসেন। কিন্তু আল আমিন হোসেনকে পেয়ে হাত খুলেছেন দুজনই। এক ওভারেই ২৪ রান তুলে নিয়েছেন দুজন। প্রথম দুই বলে ৭ রান তুলে প্রান্ত বদল করেছেন লিটন। টানা দুই চারের পর এক ছক্কা মেরেছেন আফিফ। শেষ বলে ৩ রান নিয়ে আল আমিনকে দুঃস্বপ্ন উপহার দিয়েছেন আফিফ। আল আমিনের ওই এক ওভারই যথেষ্ট ছিল পাওয়ার প্লেতে রাজশাহীর স্কোরকে ৫৮-তে নিয়ে যেতে।
৬০ রান লিটন (২৭) ফেরার পর কিছুটা রক্ষণাত্মক খেলেছেন আফিফ। তিনে নামা শোয়েব মালিকও খুব বেশিক্ষণ টেকেননি। কিন্তু রবি বোপারাকে (৪১*) নিয়ে তৃতীয় উইকেটে ম্যাচ বের করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩৭ বলে ৫০ পেরিয়েও থামেননি। ওই আল আমিনের বলে ক্যাচ তোলার আগে ৫৩ বলে ৭৬ রান করেছেন ৮ চার ও ২ ছক্কায়। জয় থেকে ৩৯ রান দূরে থাকা অবস্থায় আফিফ ফিরলেও বাকি কাজটা সারতে অসুবিধা হয়নি রাসেল ও বোপারার। ৭ বলে ২০ রান একাই তুলেছেন আন্দ্রে রাসেল। ম্যাচের তখনো বাকি ১৩ বল।
এর আগে ইংলিশ ডেভিড ম্যালানের সুবাদে বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরির দেখা মিলেছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ৫৪ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। সৌম্য সরকারের জায়গায় সুযোগ দেওয়া হয় ম্যালানকে। ভানুকা রাজাপক্ষে (১০) ও বাজে ফর্মে থাকা সাব্বির রহমানের (৫) ব্যর্থতাও আড়াল করে দিয়েছিলেন ম্যালান।
সৌম্য সরকারকে ৫০ রানের জুটি গড়েছেন ম্যালান। ২২ বলে ২০ রান তুলে ফিরেছেন ফর্মের সঙ্গে যুঝতে থাকা সৌম্য। ম্যালান এক প্রান্তে দ্রুত রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় কুমিল্লা। এতেই রানটা লড়াইয়ের মতো যথেষ্ট বড় হতে পারেনি।