চট্টগ্রামকে ভোলেননি তাহির

সকালে মুখ ভার করে ছিল চট্টগ্রামের আকাশ। দুপুরের আগেই রোদ উঠল চড়চড় করে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাঠফাটা রোদের মধ্যে অখণ্ড মনোযোগে নেটে টানা বল করে যাচ্ছিলেন তিনি। বাংলাদেশের উইকেটে ইমরান তাহিরের ঘূর্ণি বল দুর্বোধ্য হয়ে পড়ার সম্ভাবনাটা ভালোমতোই ছিল, তবে প্রথম দুই ম্যাচ সে রকম কোনো আভাস দেয়নি। দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার নিজেকে নিয়ে অতৃপ্ত হতেই পারেন।
সংবাদ সম্মেলনেও খানিকটা গম্ভীর হয়েই থাকলেন। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা একতরফা জয় পেলেও পরের ম্যাচে বাংলাদেশ সেটা ফিরিয়ে দিয়েছে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে চাপটা প্রোটিয়াদের ওপরেই বেশি। বড় উপলক্ষে দক্ষিণ আফ্রিকার পা হড়কানোর উদাহরণ তো অনেকই আছে! তাহির অবশ্য ব্যাপারটা একদমই বড় করে দেখলেন না, ‘না, আমরা একদমই উদ্বিগ্ন নই। ওরা ভালো খেললে ওরাই জিতবে, কিন্তু তাই বলে আমরা চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছি না। হ্যাঁ, তারা গত ম্যাচে ভালো খেলেছে। আমরা কালকের ম্যাচের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব আমরা।’
কিন্তু আগের ম্যাচে অমন হুড়মুড় করে কেন ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং? প্রথম ম্যাচে দাপুটে জয়ের পরেই এমন অসহায় আত্মসমর্পণ কেন? তাহির নিজেদের ব্যর্থতা বড় করে না দেখিয়ে কৃতিত্বটা বাংলাদেশকেই দিলেন, ‘না, আমাদের দলে সবকিছু ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। আমরা যদি আরেকটু বেশি রান করতে পারতাম, তাহলে ফলটা অন্য রকম হতে পারত। দিন শেষে ঘটনা হলো ওরা খুবই ভালো খেলেছে। জয়টা ওদের প্রাপ্যই ছিল।’
সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রান দিয়ে সাকিবের উইকেটটি পেয়েছিলেন, পরের ম্যাচে উইকেটশূন্য। চট্টগ্রামে আগে ওয়ানডে খেলেননি, তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ তাহিরকে এখানে দুহাত ভরিয়েই দিয়েছিল। চার ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। সংখ্যাটাও তাহিরের ভালোই মনে আছে। যদিও এর চেয়েও বড় করে দেখালেন এই মাঠে খেলার অভিজ্ঞতাকে, ‘কত উইকেট নিলাম, সেটাতে খুব বেশি কিছু আসে যায় না। আমি এখানে আগে খেলেছি, এই ব্যাপারটা আমার পক্ষে যাবে।’
এবারও চট্টগ্রাম তাহিরের জন্য ফুলশয্যা বিছিয়ে রেখেছে কি না, সেটা আজই জানা যাবে। তাহির অবশ্য আগাম কোনো মন্তব্য করতে রাজি হলেন না, ‘সর্বশেষ বার যখন খেলেছি, উইকেট ভালোই ছিল। এবার কী রকম হবে, সেটা এখনই বলতে পারছি না। কাল (আজ) খেলতে নামলে বুঝতে পারব কী হবে।’
তাহির সেটা যত কম বুঝতে পারবেন, বাংলাদেশের জন্য ততই মঙ্গল।