চট্টগ্রামে ফিরবে 'চিটাগংয়ে'র ভাগ্য?

ফ্র্যাঞ্চাইজির নাম চিটাগং ভাইকিংস। খেলা হবে চট্টগ্রামে। এরপর আর কিছু বলার দরকার পড়ে না। নিজেদের মাঠে নিশ্চয়ই ভাগ্য ফেরাতে চাইবে ঢাকায় চার ম্যাচের তিনটিতে হারা ভাইকিংস। সে ভাগ্য ফেরানোর দরজা হয়তো খুলে যেতে পারে আজই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম ম্যাচে চিটাগংয়ের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস।
চট্টগ্রামে চিটাগংয়ের খেলা বলেই বাড়তি গুরুত্ব পাচ্ছে আজকের প্রথম ম্যাচ। নইলে পয়েন্ট তালিকায় এই দুদলের মধ্যে বিস্তর ব্যবধান। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা। সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়ে ষষ্ঠ দল চিটাগং। সেদিক দিয়ে বরিশাল বুলস-রংপুর রাইডার্সের পরের ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ বেশি থাকার কথা। ঢাকার মতো বরিশাল আর খুলনা টাইটানসেরও ৬ পয়েন্ট করে। আজ জিতলে রংপুর ধরে ফেলবে তাদের।
কম বাজেটের দল নিয়ে এবারের বিপিএল শুরু করেছিল রংপুর। দু-একজন বিদেশি খেলোয়াড় না আসায় খরচটা যায় আরও কমে। তারপরও মাঠের ভালো পারফরম্যান্সের সুবাদে ‘অল্প পুঁজিতে বেশি লাভের’ আনন্দে আছে দলটা। শুরুতে লক্ষ্য যা-ই থাকুক, এখন সেটাও বড় হয়ে যাচ্ছে। সে জন্য শহীদ আফ্রিদির পর দলে আরও কিছু বড় নাম ঢোকাতে যাচ্ছে তারা। ফ্র্যাঞ্চাইজি মালিকদের একজন মিজানুর রহমান কাল জানিয়েছেন, চট্টগ্রাম থেকে টুর্নামেন্টটা ঢাকায় ফিরলেই দলের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার।
তবে বরিশালের মুখোমুখি হওয়ার আগে দলের কোচ জাভেদ ওমরের লক্ষ্যটা ছোটই, ‘আমি এখনই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি না। অন্তত অর্ধেক ম্যাচ যাক, তারপর এসব নিয়ে ভাবব। আপাতত লক্ষ্য, প্রতিটি ম্যাচে ভালো খেলা।’ একই লক্ষ্য বরিশাল বুলসেরও। তবে রংপুরের বোলারদের ব্যাপারে একটু বাড়তি সতর্ক মনে হলো দলের ওপেনার শাহরিয়ার নাফীসকে, ‘রংপুর খুব ভালো ফর্মে আছে, বিশেষ করে বোলাররা ভালো বল করছে।’
শিশিরের শঙ্কা থাকলেও চট্টগ্রামের উইকেট ব্যাটিংবান্ধব হবে বলে ধারণা শাহরিয়ারের। চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবালেরও একই বিশ্বাস। অবশ্য উইকেট যেমনই হোক, চট্টগ্রামের চার ম্যাচে তামিমের দলের বড় শক্তি হতে পারে স্থানীয় দর্শক। দলে চট্টগ্রামের খেলোয়াড় আছেন শুধু তামিম আর ইয়াসির আলী। তবু দলের নামের সঙ্গে যেহেতু চট্টগ্রাম আছে, ‘হোম গ্রাউন্ডের’ সুবিধা তারা পাবেই। অধিনায়ক তামিমেরও বিশ্বাস, ‘দর্শকদের সমর্থন এখানে আমাদের জন্য বড় শক্তি হবে। ঢাকায় তো সব দলেরই দর্শক থাকে মাঠে। কিন্তু চট্টগ্রামে আমাদের জন্য ব্যাপারটা অন্য রকম হবে।’
তবে দর্শকেরা শুধু হাততালিই দিতে পারবেন, খেলতে হবে খেলোয়াড়দেরই। মাঠে ভালো না খেললে গ্যালারিতেও হাততালি থাকবে না। তখন চট্টগ্রামে খেলা হলেই কী আর ঢাকাতে হলেই কী! অধিনায়ক যেন দলকে সেটাই মনে করিয়ে দিতে চাইলেন, ‘শেষ পর্যন্ত ভালো খেলাটাই শেষ কথা। বাজে খেললে হোম গ্রাউন্ডেও কাজে আসবে না।’
তামিমের কথা গত বিপিএলেই সত্যি প্রমাণ হয়ে গেছে। চট্টগ্রামে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছিল চিটাগং ভাইকিংস। ঢাকা ডায়নামাইটসের অলরাউন্ডার নাসির হোসেন হয়তো সেখান থেকেই পাচ্ছেন আত্মবিশ্বাস। চট্টগ্রামের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে ম্যাচ হলেও সেটা নিয়ে তাদের দুশ্চিন্তা নেই। নাসিরের ভাষায়, ‘চট্টগ্রামের সঙ্গে খেলা হলেও এটা আমাদের কাছে আরেকটি ম্যাচই। আমাদের প্রস্তুতি ভালো। আমরা চাই, এক নম্বর অবস্থানটা ধরে রাখতে।’
বিপিএল চট্টগ্রাম পর্ব
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১৭ নভেম্বর চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস বেলা ১টা
রংপুর রাইডার্স-বরিশাল বুলস বিকেল ৫-৪৫ মি.
১৮ নভেম্বর চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস বেলা ১-৩০ মি.
কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬-১৫ মি.
১৯ নভেম্বর ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটানস বেলা ১টা
কুমিল্লা ভিক্টোরিয়ানস-রাজশাহী কিংস বিকেল ৫-৪৫ মি.
২০ নভেম্বর বরিশাল বুলস-খুলনা টাইটানস বিকেল ৫-৪৫ মি.
২১ নভেম্বর ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস বেলা ১টা
চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ানস বিকেল ৫-৪৫ মি.
২২ নভেম্বর রংপুর রাইডার্স-খুলনা টাইটানস বেলা ১টা
চিটাগং ভাইকিংস-বরিশাল বুলস বিকেল ৫-৪৫ মি.
l ঢাকার দ্বিতীয় পর্বের খেলা ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর
l এলিমিনেটর ও কোয়ালিফায়ার ৬ ও ৭ ডিসেম্বর l ফাইনাল ৯ ডিসেম্বর