চট্টগ্রামে লুইস-ঝড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরির পর বরিশালের ওপেনার এভিন লুইস l প্রথম আলো
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরির পর বরিশালের ওপেনার এভিন লুইস l প্রথম আলো

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হঠাৎ ঝড়! ঝড়ের নাম এভিন লুইস। বরিশাল বুলসের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন। তাঁর সৌজন্যে এবারের বিপিএল দেখে ফেলল প্রথম সেঞ্চুরি। লুইস-ঝড়ে উড়ে গেল ঢাকা ডায়নামাইটসও, বরিশাল পেল ৯ উইকেটের সহজ জয়।
আগের দিন কুমিল্লার দেওয়া ১৬৪ রান বেশ সহজে টপকে গিয়েছিল সিলেট সুপারস্টারস। সেটিতে উদ্বুদ্ধ হয়েই কিনা এদিন ঢাকা ডায়নামাইটসের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যটা গায়েই মাখল না বরিশাল! রনি-তালুকদার-লুইসের উদ্বোধনী জুটিতে এল ১২৭। এখন পর্যন্ত জুটির রানের হিসাবে এটাই সর্বোচ্চ। আবুল হাসানের বলে রনি ৩৮ রানে আউট হলেও ঢাকার বোলারদের ‘যন্ত্রণা’ বাড়াতে শেষ পর্যন্ত ছিলেন লুইস। খেললেন ৬৫ বলে অপরাজিত ১০১ রানের অসাধারণ এক ইনিংস। বরিশালের এই ওপেনার সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন রায়ান টেন ডেসকাটের করা ১২তম ওভারে। ৬, ৬, ৪, ৬, ৪, ওয়াইড, ০—এই ছিল ডাচ তারকার ওভার। অবশ্য শুধু সংখ্যা দিয়েও লুইসের ছক্কার বিশালত্ব বোঝানো যাবে না! প্রায় সবগুলো ছক্কাই উড়ে গেছে গ্যালারিতে।
ঢাকায় ছন্দে ফিরেছিলেন কুমার সাঙ্গাকারা। ছন্দটা ধরে রাখলেন চট্টগ্রামেও। ঢাকার অধিনায়ক করলেন ৪৭ বলে ৬০। সাঙ্গাকারার দিনে স্বরূপে ফিরলেন ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ টেন ডেসকাটও, করলেন ৩২ বলে অপরাজিত ৪৫।
প্রথম ১০ ওভারে ঢাকার রান ছিল ৩ উইকেটে ৭০। শেষ ১০ ওভারে যোগ হয়েছে ২ উইকেটে ৮৮। এই ৮৮ রানের ৫৯ এসেছে সাঙ্গাকারা-ডেসকাটের পঞ্চম উইকেট জুটিতে। অবশ্য দুজনের চেষ্টা শেষ পর্যন্ত বৃথাই গেল ‘ক্যারিবীয়-ঝড়ে’। চট্টগ্রামের উইকেটে ১৫৮ যে যথেষ্ট নয়, বোঝালেন লুইস।