চট্টগ্রামেই অভিষেক সাব্বির-মেহেদীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেও জটলাটায় দেখা যেত মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানকে। কাল তাঁদের জায়গায় মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। সঙ্গে ‘কমন’ চরিত্র চন্ডিকা হাথুরুসিংহে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে হওয়া এই আলোচনা বাংলাদেশের মাটিতে আবারও টেস্ট ক্রিকেটের আগমনবার্তা অনুচ্চারে জানান দিল। কোচের সঙ্গে আলোচনায় সে জন্যই টেস্ট অধিনায়ক, সহ-অধিনায়ক হিসেবে মুশফিক-তামিমের আবির্ভাব। মুশফিক আবার কথা বলতে বলতে হাতের আঙুলে কী যেন গুনছিলেন। প্রথম টেস্টের দলে কারা থাকবেন, সেটাই কি?

কাল থেকে শুরু বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট। বাংলাদেশের জন্য তো গত ১৪ মাসেই এটি হবে প্রথম টেস্ট! এত দীর্ঘ বিরতির কারণে টেস্ট প্রস্তুতির সবকিছুই নতুন লাগছে।

নেটে সৌম্য সরকারের টানা বোলিং বলে দিচ্ছিল, দুই পেসারের স্কোয়াডে প্রয়োজনে তাঁকে ভাবা হতে পারে তৃতীয় পেসার হিসেবে। ইমরুল কায়েস আর মুমিনুল হকের নেটে চন্ডিকা হাথুরুসিংহের গভীর দৃষ্টি তুলে ধরল টেস্ট দলে এই দুই ব্যাটসম্যানের গুরুত্ব। দলে নতুন আসা মেহেদী হাসানকে (মিরাজ) নিয়ে দু-তিন দিন ধরেই নেটে আলাদা কাজ করছেন ব্যাটিং কোচ থিলান সামারাবীরা। সুযোগ পেলে ব্যাটিং এবং অফ স্পিন দুটোতেই প্রত্যাশা থাকবে মেহেদীর কাছে।

দলের সূত্র জানিয়েছে, চার নতুনের মধ্যে কাল দুজনের অভিষেক হওয়া একরকম নিশ্চিত। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়ে বৈচিত্র্য রাখতে সম্ভবত দলে রাখা হচ্ছে মেহেদীকে। সাব্বির রহমানের জন্যও একাদশে জায়গা বের করে নিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ উইকেট দেখার পর ঠিক হবে তাঁদের সঙ্গে প্রথম টেস্টের দলে পেসার কামরুল ইসলামও থাকবেন কি না। তবে উইকেট সম্পর্কে যা পূর্বাভাস, দুই পেসার খেলানোর সম্ভাবনা কমই মনে হচ্ছে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চাওয়া নাকি বাঁক খাওয়ানো উইকেটই।

একাদশ নির্বাচন নিয়ে কাল সন্ধ্যায় মিটিং ডাকা হলেও শেষ পর্যন্ত সেটা বাতিল হয়ে গেছে। প্রথম টেস্টের দলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা আজ। তবে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানের অভিষেক যে চট্টগ্রামে হচ্ছে না, সেটা মোটামুটি নিশ্চিত।