চট্টগ্রামেই ২০০ পেরোল বিপিএল

>এবারের বঙ্গবন্ধু বিপিএল প্রথমবারের মতো কোনো ম্যাচে ২০০ রানের ইনিংস দেখল। চট্টগ্রামের মাঠে সেটি করে দেখাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সই
ঢাকায় দ্বিতীয় ম্যাচে ১৭৩ তুলে সুবাস ছড়িয়ে গিয়েছিল কুমিল্লা ওয়ারিয়র্স। ষষ্ঠ ম্যাচে ঢাকা প্লাটুন আরেকটি ২০০’র সম্ভাবনা আরও একটু জাগিয়ে করেছিল ১৮০। অষ্টম ম্যাচেও সুযোগ ছিল ঢাকার। কিন্তু থামতে হলো ১৮২ তুলেই। শেষ পর্যন্ত চট্টগ্রামের রান বান্ধব উইকেটেই দেখা মিলল ২০০ পেরোনো ইনিংস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স ১৯০ রানের আশপাশে ছিল। তখনই খানিকটা আন্দাজ করে নেওয়া গিয়েছিল এই উইকেট রানের খনি। আজ দিনের প্রথম ম্যাচে রংপুর-কুমিল্লা ম্যাচও ছিল হাই স্কোরিং। এরপর দ্বিতীয় ম্যাচে প্রথম দুই শ এনে দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৪ উইকেটে ২২২ রানে থেমেছে মাহমুদউল্লাহর দল।
দুই ওপেনার লেন্ডল সিমন্স ও আভিষ্কা ফার্নান্দো ইনিংসের সুর বেঁধে দিয়েছিলেন শুরু থেকেই। ৪.৪ ওভারে ৫১ রান তুলে সিমন্সের থেকে বিচ্ছিন্ন হন ফার্নান্দো (১৩ বলে ২৬)। অন্য প্রান্তে সিমন্স ৪ ছক্কা ও ৫ চারে কালকের অপূর্ণ ইনিংসেরই প্রায়শ্চিত্ত করছিলেন। কিন্তু আবারও সেই একই ভুল। ৩৬ বলে ৫৭ রানে থাকতে নিজের ভুলেই রান আউট হন এ ক্যারিবিয়ান। ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ ২৭ বলে ৬২ রানের জুটি গড়ে দুই শ তোলার পথে অনেক দূর এগিয়ে যান। ১ ছক্কা ও ৫ চারে আজও ২৪ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইমরুল। কিন্তু চট্টগ্রামের এ ইনিংসে দুই শ-র কারিগর মাহমুদউল্লাহই।
পুরোনো হ্যামস্ট্রিংয়ের চোটটা এ ম্যাচেও ভুগিয়েছে মাহমুদউল্লাহকে। এই চোট নিয়েই ২৮ বলে ৫৯ রানের এক দারুণ ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। ৪ ছক্কা ও ৫ চারে সাজানো এ ইনিংসে টি-টোয়েন্টির প্রায় সব শটই দেখা গেছে। কাট, পুল, স্কুপ কী ছিল না! ১৯তম ওভারেই দুই শ পেরিয়ে যায় চট্টগ্রাম। শেষ ওভারে ২০ রান দিয়ে ঢাকার বোলারদের দুঃস্বপ্নে পূর্ণতা দেন হাসান মাহমুদ। ঢাকার অধিনায়ক মাশরাফি আজ ৩ ওভারে দিয়েছেন ৪২ রান। স্পিনার মেহেদী হাসান ৩৩ রান দিয়েছেন মাত্র ২ ওভারে।