চট্টগ্রামেও লঙ্কাজয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠ আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম—হাজার কিলোমিটারের ব্যবধানে দাঁড়িয়ে দুই ভেন্যু আজ মিলবে এক বিন্দুতে। একই দিনে দুই মাঠে লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা!
পার্থক্য হচ্ছে, কলম্বোয় খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কার জাতীয় দল আর চট্টগ্রামে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এসএসসিতে হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি। আর জহুর আহমেদে ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল। তবে বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশারের চাওয়া দুই মাঠেই জয়ী হবে বাংলাদেশ, ‘চমৎকার একটা ব্যাপার! আশা করছি, দুই দিকেই জিতবে বাংলাদেশ।’
গ্রুপ পর্ব শেষে কাল সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। বিকেলেই নেমে পড়েছে অনুশীলনে। অনুশীলনটা অবশ্য ছিল ঐচ্ছিক। অধিনায়ক মুমিনুল হক ছাড়া বেশির ভাগ সিনিয়র খেলোয়াড় আসেননি মাঠে।
তবে নেটে ঘাম ঝরিয়েছেন তরুণ খেলোয়াড়েরা। তাঁদের দুর্দান্ত কিছু করার তাগিদ যে বেশি। ইমার্জিং কাপ মানেই তো ‘ইমার্জিং’ খেলোয়াড়দের আলো ছড়ানোর সুযোগ। কিন্তু বাংলাদেশের তরুণ খেলোয়াড়েরা সুযোগটা নিতে পারছেন কই? গ্রুপ পর্বের তিন ম্যাচেই ওপেনিং জুটি প্রত্যাশামতো জ্বলে ওঠেনি। হংকংয়ের বিপক্ষে সাইফ হাসান-আজমীর আহমেদের ওপেনিং জুটি যা একটু ভালো করেছে (৪৬ রান)। নেপালের সঙ্গে তাঁরা যোগ করেছেন মাত্র ১ রান আর ২৪ রান উঠেছে পাকিস্তানের বিপক্ষে। মিডল অর্ডারে আফিফ হোসেন কিংবা নাজমুল হোসেনও পারেননি এখনো আস্থার প্রতিদান দিতে।
এ নিয়ে দলের ম্যানেজার হাবিবুল বেশ চিন্তিত, ‘ইমার্জিং কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি। সাইফ (হাসান) ছাড়া কেউ তেমন রান পায়নি। কিন্তু ছেলেগুলো প্রতিভাবান। সামনে ওরা ভালো খেলবে আশা করি।’
ব্যাটসম্যানরা খারাপ করলেও তরুণ বোলাররা বিশেষ করে স্পিনাররা প্রতিপক্ষের কঠিন পরীক্ষা নিয়েছেন। টিম ম্যানেজমেন্ট তাই দোটানায়। রাহাতুল ফেরদৌস, নাসুম আহমেদ, নাঈম হাসান—তিনজনের কোন দুজনকে খেলাবেন?
প্রতিপক্ষ শ্রীলঙ্কা নিয়ে কাল বিকেল পর্যন্ত গবেষণার খুব একটা সুযোগ হয়নি বাংলাদেশের। টুর্নামেন্টে দুর্দান্ত গতিতে ছোটা শ্রীলঙ্কান ব্যাটসম্যান চারিথ আশালাঙ্কা বা আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা শিহান জয়াসুরিয়া-অ্যাঞ্জেলো পেরেরাদের ভিডিও নিয়ে অবশ্য কাল সন্ধ্যায় বসার কথা ছিল টিম ম্যানেজমেন্টের।
শ্রীলঙ্কার অবশ্য ভ্রমণঝক্কি ছিল না। গ্রুপ পর্ব থেকেই তারা আছে চট্টগ্রামে। বাংলাদেশের বিপক্ষে নামার আগে শ্রীলঙ্কানরা প্রস্তুতি সেরেছে সকালে ঐচ্ছিক অনুশীলন করে। ম্যাচটি দুই দলই নিয়েছে গুরুতরভাবে। এখানেও মিল পাওয়া যাচ্ছে ‘বড় ভাই’দের লড়াইটার সঙ্গেও।