চট্টগ্রামের তিনে নবীর তিন
মাঠ ও গ্যালারিতে কাল হলো দারুণ এক লড়াই। তবে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচে দুটি জায়গাতেই শেষ হাসি চট্টগ্রামের। তৃতীয়বার মোহাম্মদ নবীর নৈপুণ্যে জয় পেল চট্টগ্রাম। কুমিল্লার ১৮৩ রান পেরিয়ে তাদের জয়টা ৬ উইকেটে।
অবশেষে সত্যিকারের একটি টি-টোয়েন্টি বিনোদনের দিন পেল বিপিএল। যতই বলা হোক, ক্রিকেট ব্যাট-বলের খেলা, ক্ষুদ্রতম সংস্করণটি আসলে শুধুই ব্যাটসম্যানদের। মাঠে কিংবা টিভি পর্দায় দর্শকেরা চার-ছক্কার অপেক্ষাতেই থাকেন। তেমনই একটা দিন গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দিনের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ঝড় তুললেন ব্যাটসম্যানরা।
নিজের প্রথম বলেই নাজমুল হোসেনের স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। কুমিল্লার ইনিংসে বোলারদের ওই একবারই হাসতে দেখা গেল। ইনিংসের বাকি সময়টা রাজত্ব করেছেন ব্যাটসম্যানরা। প্রথমে ইমরুল কায়েসকে নিয়ে ৪৮ বলে ৬৮ রানের জুটি গড়লেন পাকিস্তানি ব্যাটসম্যান খালিদ লতিফ। ২৬ বলে ৩৬ রান করে ইমরুল বোকার মতো রানআউট হলেও দমেননি লতিফ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্বদেশি আহমেদ শেহজাদকে নিয়ে ৪১ বলে যোগ করেছেন আরও ৭০ রান।
তবে লতিফের ৫৩ বলে ৭৬ রানের ইনিংসটি থেমেছে খুব অদ্ভুতভাবে। শেষ ওভারে তাসকিনের বিমারটা উইকেটের পেছনে গেলে ক্রিজ থেকে বেরিয়ে আসেন। কিন্তু হেলেদুলে ফিরতে ফিরতেই স্টাম্প ভেঙে গেল এনামুল হকের থ্রোয়ে!
ডোয়াইন স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ে রান তাড়ার শুরুটা ভালো হয়েছে চট্টগ্রামের। স্মিথ ১২ বলে ২১ রান করে আউট হলেও ৪.৫ ওভারেই ৫০ করে ফেলে দলটি। এর মাঝে তামিম ইকবাল ব্যক্তিগত ৬ রানে ‘জীবন’ পেয়েছেন ইমরুলের হাতে। তামিম (২৭ বলে ৩০) একটু ধীরগতিতে খেললেও এনামুলের (৩০ বলে ৪০) সঙ্গে ৬২ রানের জুটিটা ভালো ভিত্তি দেয় ভাইকিংসদের। রায়ান টেন ডেসকাটের বলে এ দুজন আউট হয়ে গেলে দলকে জেতানোর দায়িত্ব শোয়েব মালিক ও মোহাম্মদ নবীর কাঁধে পড়ে।
মালিক শেষ পর্যন্ত না পারলেও নবী দায়িত্বটা পালন করতে পেরেছেন। ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৬ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। অবশ্য এটাই স্বাভাবিক, চট্টগ্রামের জয় মানেই তো ম্যাচসেরা এই আফগান অলরাউন্ডার।
সংক্ষিপ্তস্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮২/৪ (মারুফ ৩৫, সাঙ্গাকারা ৬৬, মোসাদ্দেক ১৩, প্রসন্ন ৩৪*, কোলস ৮, সাকিব ১৮*; সামি ১/২০, মিরাজ ০/৪৪, প্যাটেল ০/১৭, রেজা ২/২২, হাসান ১/৪৪, স্যামি ০/৩১)।
রাজশাহী কিংস: ১৯.৫ ওভারে ১৮৪/৭ (মুমিনুল ৫৬, জুনায়েদ ৪, সাব্বির ৭, প্যাটেল ৭৫, আকমল ১২, স্যামি ৯, হাসান ৫, মিরাজ ৬*, রেজা ৫*; ব্রাভো ৩/৩৫, শহীদ ২/২৯, সাকিব ১/৩৬, নাসির ০/১০, সানজামুল ০/৯, প্রসন্ন ০/১৭, সোহরাওয়ার্দী ০/১২, কোলস ১/৩৫)।
ফল: রাজশাহী কিংস ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সামিত প্যাটেল।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৮৩/৩ (নাজমুল ১৭, লতিফ ৭৬, ইমরুল ৩৬, শেহজাদ ৪০*, টেন ডেসকাট ৯*; মালিক ০/১৬, রাজ্জাক ০/২৮, নবী ০/৩৫, তাসকিন ১/৪৪, শহীদুল ০/৩৭, ইমরান ০/২১)।
চিটাগং ভাইকিংস: ১৯.২ ওভারে ১৮৬/৪ (তামিম ৩০, স্মিথ ২১, এনামুল ৪০, মালিক ৩৮, নবী ৪৬*, জহুরুল ১*; হাবিবুর ০/১৮, তানভীর ১/৩৩, মাশরাফি ১/৩৪, শরীফ ০/৩২, সাইফউদ্দিন ০/৪০, নাজমুল ০/১৩, টেন ডেসকাট ২/১৫)।
ফল: চিটাগং ভাইকিংস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নবী।