চট্টগ্রামের বিপিএলে শিশিরের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শেষ দিকে ভালোই রান দেখল বিপিএল। কাল থেকে শুরু চট্টগ্রাম-পর্বে রানের আশা থাকছে আরও বেশি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় ১০টি ম্যাচে টি-টোয়েন্টি উপযোগী স্পোর্টিং উইকেটই দেওয়া হবে বলে জানা গেছে বিসিবির গ্রাউন্ডস কমিটি সূত্রে। কোনো ম্যাচ দেওয়া হবে না ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের উইকেটে।

এটা যদি ভালো খবর হয়, খারাপ খবর হলো বিপিএলের চট্টগ্রাম অংশ হয়ে উঠতে পারে শিশিরসিক্ত। কয়েক দিন ধরেই সন্ধ্যার পর খুব শিশির পড়ছে চট্টগ্রামে। বিকেল সাড়ে চারটা-পাঁচটা থেকেই শিশিরে ভিজতে শুরু করে মাঠের ঘাস। খেলার সময় এই অবস্থা থাকলে কী হবে, সেটা বোঝাই যাচ্ছে। রাতে যে দল বোলিং করবে, সেই দলের বোলারদের ব্যাটসম্যানদের চেয়ে শিশির নিয়েও কম ভাবতে হবে না।

শিশিরের কথা মাথায় রেখেই বিপিএলের চট্টগ্রাম অংশ থেকে এগিয়ে আসছে খেলা শুরুর সময়। বেলা দুইটার পরিবর্তে প্রথম ম্যাচ শুরু হবে বেলা একটায়। পরের ম্যাচ শুরুর সময় সন্ধ্যা সাতটার পরিবর্তে বিকেল ৫টা ৪৫ মিনিটে। শুক্রবারে অবশ্য একটু ব্যতিক্রম হবে। প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা সোয়া ছয়টায়।

বিপিএলের সাত দলই এখন চট্টগ্রামে। রাজশাহী কিংস আছে হোটেল আগ্রাবাদে, রংপুর রাইডার্স পেনিনসুলায়। বাকি পাঁচ দলেরই ঠিকানা র‌্যাডিসন ব্লু হোটেল। কাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস। সন্ধ্যায় খেলবে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। চট্টগ্রাম-পর্ব শেষ হবে আগামী ২২ নভেম্বর।