চতুষ্টয়ের নতুন স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে পরশু রাতে নিজের অ্যাকাউন্টে একটা ছবি দিয়েছেন সাব্বির রহমান। চোখে চশমা, গায়ে সাদা জার্সি। মাঝ উইকেটে হাঁটু গেড়ে স্থিরদৃষ্টিতে তাকিয়ে এক দিকে। ছবির ক্যাপশন—‘বহুদিন পর সাদা পোশাকে খেলছি’।

সাব্বিরের ছবিটা এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালীন। সীমিত ওভারের ক্রিকেটে তিনি এখন বাংলাদেশ দলের নিয়মিত মুখ। তবে কালই প্রথম সুযোগ পেলেন টেস্ট দলে। স্কোয়াডে জায়গা পাওয়ার আনন্দ তো আছেই। আছে সর্বোচ্চ পরিসরের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জও। এমনিতে সীমিত ওভারের ক্রিকেটে সাব্বির পাওয়ার হিটার, মারকুটে ব্যাটসম্যান। কিন্তু টেস্ট মানেই তো ধৈর্য আর সেশন ধরে ধরে উইকেটে থাকার পরীক্ষা। সেই পরীক্ষায় উতরে যেতে চান সাব্বির, ‘যে সংস্করণেই হোক, চেষ্টা করি নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যেভাবে খেলেছি, টেস্টে সেটি বদলাতে হবে। ওয়ানডে, টি-টোয়েন্টিতে বল ডট করা যায় না। টেস্টে অনেক সময় ও বল থাকে। যত পারা যায় বল ডট করতে হবে, স্বচ্ছন্দে উইকেটে টিকে থাকতে হবে।’

সাব্বির যে খেলার মেজাজ বুঝে খেলতে পারেন সেটি দেখা গেছে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই। ৪৫ বলে করেছেন ৩০ রান। তবে ম্যাচে অলরাউন্ডার সাব্বিরকেও দেখা গেছে। লেগ স্পিনে নিয়েছেন ৩ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সটা তাঁকে বেশ আত্মবিশ্বাসী করছে, ‘আমি সব সময়ই বোলিং করার চেষ্টা করি, নিজেকে অলারাউন্ডার হিসেবে চেনাতে চাই। কালকের (পরশু) বোলিংটা আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে।’

নুরুল হাসান টেস্ট দলে জায়গা পাওয়ার খবরটা পেয়েছেন কাল মাঠেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তাঁর পারফরম্যান্সটাও মন্দ নয়, করেছেন ৩৯ রান। অবশ্য নুরুলকে চন্ডিকা হাথুরুসিংহ দলে ডেকেছেন বিকল্প উইকেটকিপার হিসেবে, ‘সোহান (নুরুল) দেশের অন্যতম ভালো কিপার।’ কোচের এমন প্রশংসা তাঁর জন্য অবশ্যই বড় সনদ। তবে প্রশংসাতেই থেমে থাকতে চান না বাংলাদেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা নুরুল, ‘আসলে এসব নিয়ে চিন্তা করি না। সবকিছু মূল্যায়ন হয় পারফরম্যান্স দিয়ে। পারফরম্যান্স ভালো না করলে কেউ প্রশংসা করবে না।’

যেহেতু মুশফিকুর রহিম আছেন, উইকেটকিপার হিসেবে নুরুলের চ্যালেঞ্জ কত কঠিন সেটা বোঝাই যায়। জাতীয় লিগে কদিন আগে সেঞ্চুরি করা এই উইকেটকিপার-ব্যাটসম্যান অবশ্য এসব নিয়ে চিন্তিত নন, ‘নিজের খেলাটা নিয়েই ভাবছি। একাদশে সুযোগ পাওয়াটা টিম ম্যানেজমেন্টের বিষয়।’

সাব্বির-নুরুলের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও কামরুল ইসলাম ও মেহেদী হাসানের তা নেই। কামরুল অবশ্য গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিলেন। তবে একটি ম্যাচও খেলা হয়নি। এবার সুযোগ পেলে সেরাটাই দিতে চান কামরুল, ‘ভাবতেই পারিনি, এত পেসারের ভিড়ে আমি সুযোগ পাব! যদি একাদশে সুযোগ পাই নিজের সেরা খেলাটা খেলার চেষ্টা করব।’

মিরাজ টেস্ট দলে জায়গা পাচ্ছেন, কদিন ধরেই এমন ফিসফাস ছিল। অনুমানটা সত্যি হয়েছে অবশেষে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন, তা-ও আবার টেস্ট স্কোয়াডে! স্বাভাবিকভাবেই অন্য রকম ভালো লাগা কাজ করছে তাঁর মধ্যে, ‘টেস্ট খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। আমারও তাই। যদি সুযোগ পাই চেষ্টা করব নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে। ভালো খেলে দলে স্থায়ী হতে।’

ওয়ানডে সিরিজের পর সাব্বির বলছিলেন, টেস্ট দলে সুযোগ না পেলে বিশ্রাম নিতে কদিনের জন্য চলে যাবেন রাজশাহীতে। এখন তাঁর ‘বিশ্রামের’ কী হবে? হাসলেন সাব্বির, ‘বিশ্রাম শেষ! তবে নতুন অধ্যায়ের শুরু।’

নতুন অধ্যায়ের শুরু আসলে চারজনেরই!