
এ মাসের শুরুতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে চেয়েছিলেন। চেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্মানজনক বিদায়। কিন্তু শিবনারায়ণ চন্দরপলকে সে সুযোগ দেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। তবে দল থেকে ছিটকে গেলেও হাল ছাড়ছেন না চন্দরপল। এখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে আবার টেস্ট খেলার ব্যাপারে আশাবাদী ৪০ বছর বয়সী গায়ানিজ ব্যাটসম্যান।
টেস্ট দলে জায়গা হারানো চন্দরপল এখন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। তবে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের এখনো শেষ দেখেছেন না এই বাঁহাতি, ‘আমি আরও টেস্ট খেলতে চাই। এ মুহূর্তে অবশ্য দলের বাইরে আছি এবং দেখছি কী ঘটছে। তবে আমার ভাবনায় এখনো অবসরের ব্যাপারটি আসেনি, এ মুহূর্তে তো নয়ই। আগে বছরটা শেষ হোক, তারপর দেখা যাবে।’
আর মাত্র ৪৬ রান করলেই ব্রায়ান লারাকে (১১৯৭২) টপকে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন চন্দরপল। তবে ওই রেকর্ড নিয়ে খুব বেশি চিন্তিত নন চন্দরপল, ‘এত কিছু নিয়ে এখনই ভাবছি না। যদি সেটা হয়ে যায় তাহলে তো ভালোই, আর না হলে না হবে।’ ক্রিকেট৩৬৫।