চন্দরপলের এমন বিদায়ে রাগ হচ্ছে লারার

মাঠে থেকে বিদায় নিতে চেয়েছিলেন। সেটি হলো না। গত এক বছর ধরেই দলে নেই, নির্বাচকরাও বারবার বুঝিয়ে দিচ্ছিলেন, ‘তুমি অচল’। সেটি বুঝতে পেরেই ২২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন শিবনারায়ণ চন্দরপল। দীর্ঘ ক্যারিয়ার শেষে অর্জনগুলো দেখে তৃপ্তি পেতে পারেন; কিন্তু ক্রিকেট জীবনের শেষটা ক্যারিয়ারের মতো বর্ণাঢ্য না হওয়ায় আফসোস থাকতেই পারে চন্দরপলের। মাঠ থেকে বিদায় বলার ইচ্ছেটা যে ইচ্ছেই থেকে গেল তাঁর!
চন্দরপলের এমন বিদায়ে ক্ষুব্ধ ব্রায়ান লারাও। লারার ক্ষোভের কারণ বোঝাই যায়। যে খেলোয়াড়টি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৪টি টেস্ট খেলেছেন। ৫১ গড়ে ৩০ সেঞ্চুরিতে যাঁর সংগ্রহ ১১ হাজারের বেশি রান, সে খেলোয়াড় বিদায়বেলায় একটা ছোট্ট সংবর্ধনা পাবেন না! টেস্ট ইতিহাসেই ১১ হাজার রান আর আছে মাত্র পাঁচজনের। বাকিরা প্রত্যেকেই বিদায় সংবর্ধনা পেয়েছেন। লারা নিজেও।
পুরো ক্যারিয়ারেই চন্দরপল কখনোই সেই তারকার মর্যাদা পাননি। নীরব শ্রমিক হয়ে রানের পর রান করে গেছেন। বিদায় বেলাতেও যেন সেই সম্মানটুকু পেলেন না। এ নিয়েই ক্ষোভ লারার, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা অন্যতম সেরা এক ক্রিকেটার বিদায় নিল, অথচ এই সংবাদ কজন জানে—সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’
আর মাত্র ৮৭ রান করলেই লারার রেকর্ডই ভেঙে দিতে পারতেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে যেতেন চন্দরপল। ২০১৫ সালের মে মাসের পর একটিও টেস্ট খেলার সুযোগ না-পাওয়া চন্দরপলের ওপর অবিচারই করা হয়েছে বলে অভিমত লারার, ‘রেকর্ড প্রসঙ্গে বলছি না। আমার মনে হয় একটা সুন্দর বিদায়ের স্বার্থেই চন্দরপলকে আরও দুই-একটা টেস্টে সুযোগ দেওয়া যেতেই পারত।’
চন্দরপল প্রসঙ্গে যেন স্মৃতিকাতরও হয়ে গেলেন, ‘চন্দরপলের অভিষেক টেস্ট ম্যাচের মুহূর্ত আমার স্পষ্ট মনে আছে। ১৯৯৪ সালে গায়ানায় ইংল্যান্ডের বিপক্ষে সে টেস্ট ম্যাচে শিবের সঙ্গে ব্যাটিংয়ের শুরুটা করেছিলাম আমিই। সেদিনের সেই ছিপছিপে ছেলেটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০ বছর খেলবে, সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে মাঠে নামবে, সেটা কে ভেবেছিল! আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের মানুষ ক্যারিবীয় ক্রিকেটে চন্দরপলের অবদান সম্পর্কে সঠিক ধারণা রাখে।’
চন্দরপলকে ক্যারিবীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রতিনিধি হিসেবেই অভিহিত করেছেন লারা, ‘সে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের অন্যতম সেরা প্রতিনিধি। ক্যারিয়ারজুড়েই ক্যারিবীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। আমি তাঁকে শ্রদ্ধা জানাতে চাই, কারণ আমি জানি, সে ক্যারিবীয় ক্রিকেটের অন্যতম বড় এক স্তম্ভ ছিল সে।’ সূত্র: ডিএনএ নিউজ।