চন্দরপলের সুন্দর বিদায় চান লারা

স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তা হলে একটা ক্ষেত্রে মিল থাকছে শিবনারায়ণ চন্দরপলের! শেষ টেস্ট ইনিংসে ব্র্যাডম্যানের শূন্য। চন্দরপলেরও তা-ই হতে যাচ্ছে।
পার্থক্য হলো, ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে এরিক হলিসের বলে বোল্ড হয়ে ফেরার সময়ই ব্র্যাডম্যান জানতেন যে, এটাই তাঁর শেষ টেস্ট ইনিংস। ইংল্যান্ডেরই বিপক্ষে ব্রিজটাউনে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফেরার সময় চন্দরপল তা জানতেন না।
খুব করে চেয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি খেলে ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানতে। নির্বাচকেরা সেই চাওয়াকে মূল্য দেননি। আগামী ৩ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ডমিনিকায় প্রথম টেস্টের জন্য যে ১২ জনকে অনুশীলনের জন্য ডাকা হয়েছে, তাঁদের মধ্যে নেই চন্দরপল। যাতে তিনি যারপরনাই ব্যথিত। গায়ানার স্থানীয় এক সংবাদপত্রকে বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আমার শেষ করতে চাওয়াটা এমন বেশি কিছু ছিল না। দেশের মাটিতে আমার সমর্থকদের ধন্যবাদ দিতে পারতাম...আমাকে অবসরের দিকে ফেলে দেওয়াটা ঠিক হয়নি।’ তবে অবসর যে নিচ্ছেন না, জানিয়ে দিয়েছেন তা-ও। আগামী নভেম্বরে শুরু ফার্স্ট ক্লাস মৌসুমে গায়ানার পক্ষে খেলার ঘোষণাও দিয়েছেন ৪০ বছর বয়সী ব্যাটসম্যান।
আর মাত্র ৮৭ রান করলেই চন্দরপল ছুঁয়ে ফেলতেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড। যে রেকর্ডটি ব্রায়ান লারার। যদি ভেবে থাকেন, নিজের রেকর্ডটা অক্ষুণ্ন থেকে যাওয়ায় লারা খুশি, তাহলে ভুল করবেন। বরং চন্দরপলের এভাবে বাদ পড়ায় প্রচণ্ড ক্ষুব্ধ লারা নির্বাচকদের তীব্র সমালোচনা করেছেন। তাঁকে দলে ফিরিয়ে শচীন টেন্ডুলকারের মতো বিদায় দেওয়ার দাবিও জানিয়েছেন।
প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড চন্দরপলকে বাদ দেওয়ার কারণ হিসেবে তাঁর পারফরম্যান্সে ভাটার টানের কথা বলেছিলেন। একসময় ধারাবাহিকতার প্রতিমূর্তি চন্দরপলের ব্যাটে গত দুই সিরিজে আসলেই দারুণ খরা। ১১ ইনিংসে ফিফটি মাত্র ১টি, গড় মাত্র ১৬.৬৩। লারা অবশ্য এসব পরিসংখ্যান শুনতেই রাজি নন। ত্রিনিদাদ ও টোবাগো গার্ডিয়ানকে তিনি বলেছেন, ‘এটা রান বা সংখ্যার কোনো ব্যাপারই নয়। এটা সম্মান দেখানোর ব্যাপার এবং চন্দরপল গ্রহণযোগ্য একটা উপায়ে বিদায় বলার অধিকার অর্জন করেছে। একটা বিদায়ী সংবর্ধনা ওর প্রাপ্য। ওর ব্যাপারে ওকেই সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত ছিল।’ এর পরই লারার কণ্ঠে তীব্র ঝাঁজ, ‘যেভাবে তারা তাদের খেলোয়াড়দের সঙ্গে আচরণ করে, সেটি জঘন্য এবং এটা আর সহ্য করা উচিত নয়। আমাদের অনেক নায়ককে যেভাবে ছুড়ে ফেলা হয়েছে, সেসব মনে করলে স্তম্ভিত হয়ে যেতে হয়।’
শচীন টেন্ডুলকারকে বিদায় জানাতে ভারতীয় ক্রিকেট বোর্ড যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশেষ একটা সিরিজের আয়োজন করেছিল, সেটির সঙ্গেও তুলনা টেনেছেন লারা, ‘ওরা কী করেছে? তাঁর সম্মানে একটা টেস্ট সিরিজ আয়োজন করেছে এবং খেলাটিতে তাঁর অবদানের সঙ্গে মানানসইভাবে তাঁকে বিদায় দিয়েছে। এমন করলে কোনো তিক্ততা হতো না। সে ডাবল সেঞ্চুরিই করুক বা শূন্য, তাতে কিছু আসতও যেত না। সবাই জানত, এটি তাঁর বিদায়ী সিরিজ। ওর এটা প্রাপ্য ছিল। শিবকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়াটা ডব্লুআইসিবি ও ক্যারিবিয়ানের কর্তব্য ছিল। ও এটা অর্জন করেছে।’
ডব্লুআইসিবি মানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য পুরো দায় নির্বাচকদের ওপর চাপিয়ে দিচ্ছে। চন্দরপলের দেশ গায়ানা, চন্দরপলের এমন বিদায়ে স্বাভাবিকভাবেই সেখানে তীব্র প্রতিক্রিয়া। গায়ানা ক্রিকেট বোর্ডের সচিব ও ডব্লুআইসিবির অন্যতম পরিচালক আনন্দ সানাসি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডব্লুআইসিবি সভাপতি ডেভ ক্যামেরন পর্যন্ত চন্দরপলকে দলে রাখতে নির্বাচকদের অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরা সেটি কানে তোলেননি। সানাসি তাই বলেছেন, ‘যারা বলছে এটা ডব্লুআইসিবির সিদ্ধান্ত, তাদের বলছি এটা ভুল। শিবকে কখনোই বলা হয়নি, বারবাডোজের (ইংল্যান্ডের বিপক্ষে) ম্যাচটাই তাঁর শেষ। তাঁরা (নির্বাচকেরা) একটি ভুল দিয়ে আরেকটি ভুল ঢাকতে চাইছে।’
চন্দরপলকে বাদ দেওয়ার সিদ্ধান্তে প্রধান নির্বাচক ক্লাইভ লয়েডের মতো কোচ ফিল সিমন্সেরও বড় ভূমিকা দেখছেন অনেকে। সিমন্স অবশ্য সিদ্ধান্তটার ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমরা যখন (দল নির্বাচন) প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি, তাঁর জায়গা হয়নি। এটা কাউকে ক্যারিয়ার শেষ করার জন্য দুই টেস্ট দেওয়ার ব্যাপার নয়, এটা পরের ম্যাচের জন্য সেরা দল বেছে নেওয়ার ব্যাপার।’
সিদ্ধান্তটা যৌক্তিক বা অযৌক্তিক তর্ক হতে পারে, তবে এটা তো সত্যি, চন্দরপলের শেষের সঙ্গে জড়িয়ে গেল ফিল সিমন্সের নাম। কী আশ্চর্য, চন্দরপলের শুরুর সঙ্গেও জড়িয়ে ছিল তা। ১৯৯৪ সালে জর্জটাউনের পুরোনো টেস্ট ভেন্যু বৌর্ডায় অভিষেক হয়েছিল চন্দরপলের। ১৯ বছরের লিকলিকে কিশোর কার জায়গায় দলে এসেছিলেন, জানেন? ফিল সিমন্স!
চন্দরপলের আন্তর্জাতিক ক্যারিয়ার
| ম্যাচ | ইনিংস | রান | সেরা | গড় | ১০০/৫০ | |
| টেস্ট | ১৬৪ | ২৮০ | ১১৮৬৭ | ২০৩* | ৫১.৩৭ | ৩০/৬৬ |
| ওয়ানডে | ২৬৮ | ২৫১ | ৮৭৭৮ | ১৫০ | ৪১.৬০ | ১১/৫৯ |
| টি-টোয়েন্টি | ২২ | ২২ | ৩৪৩ | ৪১ | ২০.১৭ | -/- |