চমকপ্রদ ক্রিকেট, চমৎকারিত্বের ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা কাহিনি শার্লক হোমসের রচয়িতা আর্থার কোনান ডোয়েল ক্রিকেটার ছিলেন। তিনি তাঁর তরুণ বয়সে দশটির মতো প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। বিশ্বাস না হয় ক্রিকেটের রেকর্ডপত্র ঘেঁটে দেখুন। ‘শার্লক হোমস’ সৃষ্টির আগে নিজের তরুণ বয়সে বিখ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে তিনি ১০টি প্রথম শ্রেণির ম্যাচে মাঠে নেমেছিলেন। তাঁর ব্যক্তিগত রেকর্ড অবশ্য খুব ভালো নয়। এই ১০টি ম্যাচে ১৮টি ইনিংসে ব্যাটসম্যান হিসেবে তাঁর সংগ্রহ সাকল্যে ২৩১ রান। কোনো ফিফটি নেই, সেঞ্চুরি তো আরও পরের কথা। বোলার হিসেবে একটি উইকেট নিয়েছিলেন, ফিল্ডার হিসেবে লুফেছিলেন একটি ক্যাচ। এই পর্যন্তই। ক্রিকেটার হিসেবে নাম করতে না পারলেও লেখক হিসেবে পরবর্তী সময়ে তিনি নিজেকে নিয়ে গেছেন কালজয়ী উচ্চতায়। তাঁর ক্রিকেটার জীবনের এই তথ্য যেমন অনেকের অজানা, ঠিক তেমনি ক্রিকেটে এমন অনেক চমকপ্রদ ঘটনা আছে, যা রোমাঞ্চ-পিয়াসি পাঠকদের আনন্দের অনুষঙ্গ হয়ে যায় নির্দ্বিধায়। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য ক্রিকেট ইতিহাসের এমন চমকপ্রদ কিছু তথ্য তুলে ধরা হলো...

অ্যালেক স্টুয়ার্ট
অ্যালেক স্টুয়ার্ট

অ্যালেক স্টুয়ার্টের সংখ্যাতত্ত্ব
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টের জন্ম ১৯৬৩ সালের ৮ এপ্রিল। গোটা টেস্ট ক্যারিয়ারে তাঁর রান কত জানেন? ৮৪৬৩। এবার তাঁর জন্মের সঙ্গে সংশ্লিষ্ট সংখ্যাগুলোকে তারিখ হিসেবে লিখুন—৮ /৪ / ৬৩। মাঝখানের বিভক্তি রেখা দুটো মুছে দিয়ে দেখুন। চমকে উঠবেন। ওটা যে স্টুয়ার্টের ক্যারিয়ারের মোট রানের সঙ্গে দারুণভাবেই মিলে যায়।

ভারতের লর্ডস-দর্শন ও বিশ্বকাপ জয়

বিশ্বকাপ জেতার তিন বছর পর লর্ডসে টেস্ট জেতে ভারত।
বিশ্বকাপ জেতার তিন বছর পর লর্ডসে টেস্ট জেতে ভারত।


১৯৮৩ সালে বিখ্যাত লর্ডস মাঠেই প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল কপিল দেবের ভারত। মর্যাদার লর্ডস মাঠে ভারত প্রথম টেস্ট জিতেছিল বিশ্বকাপ জয়ের তিন বছর পর—১৯৮৬ সালে। ঘরের মাঠে ভারতের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপাটি আসে ২০১১ সালে। লর্ডসে ভারত তাদের দ্বিতীয় টেস্ট জয়টি অর্জন করে ২০১১ সালে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ঠিক তিন বছর পর অর্থাৎ, ২০১৪ সালে। ব্যাপারটা চমকপ্রদ, নয় কি!


বাপু নাকারানি
বাপু নাকারানি

বীরেন্দর শেবাগের ‘উনিশপ্রীতি’
ভারতের মারকুটে ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের ক্যারিয়ারে উনিশ (১৯) সংখ্যাটি একটি বিশেষ জায়গা নিয়েই আছে। তাঁর সর্বোচ্চ টেস্ট স্কোর ৩১৯। দাঁড়ান, এখনো কথা বাকি আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ স্কোর কত জানেন? যথাক্রমে ২১৯ ও ১১৯।

দুই বলে হ্যাটট্রিক!

বীরেন্দর শেবাগ
বীরেন্দর শেবাগ


ক্রিকেট ইতিহাসের অনন্য এই কীর্তিটি আছে মাত্র দুজন ক্রিকেটারের। এঁরা হলেন শ্রীলঙ্কার ইসুরু উদানা ও ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটার প্রবীন তামবে। দু’জনই টি-টোয়েন্টি ম্যাচে দুই বলে হ্যাটট্রিক পূরণ করে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। উদানা ২০১০ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির একটি ম্যাচে দুই বলে হ্যাটট্রিক করেছিলেন। তামবে তাঁর এই কীর্তির মঞ্চ বানিয়েছেন ২০১৪ সালের আইপিএলকে। অনেকেই হয়তো ভাবতে বসেছেন দুই বলে হ্যাটট্রিক হয় কীভাবে? খুব সোজা! ওয়াইড বলে তো স্টাম্পিং হয়ই। উদানা ও তামবে দুজনের হ্যাটট্রিকেই আছে একটি করে ওয়াইডের সংস্পর্শ।

প্রবীন তামবে
প্রবীন তামবে

শচীন টেন্ডুলকারের ‘ডাক’ ও ভুবনেশ্বর কুমার
শচীন টেন্ডুলকার তাঁর ম্যারাথন ক্যারিয়ারে প্রথম শ্রেণির প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে মাত্র একবারই শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। রঞ্জিতে শচীনকে শূন্য রানে ফেরানোর অনন্য কৃতিত্ব ধারণ করে আছেন পেসার ভুবনেশ্বর কুমার।

টানা ২১ ওভার মেডেন!

ইসুরু উদানা
ইসুরু উদানা


১৯৬৪ সালে মাদ্রাজে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে টানা ২১.৫ ওভার কোনো রান না দিয়ে ক্রিকেট ইতিহাসে অনন্য স্থান দখল করে নিয়েছেন ভারতীয় স্পিনার বাপু নাকারানি। ইংলিশ ব্যাটসম্যান কেন বেরিংটন ও ব্রায়ান বোলাস এই নাকারানির বলে টানা ১৩১টি বলে কোনো রান নিতে পারেননি কেন, সেটা এক রহস্য। তবে নাকারানি মশাই একজন ‘কৃপণ’ বোলার হিসেবেই ক্রিকেট ইতিহাসে পরিচিতি পেয়েছেন। গোটা ক্যারিয়ারে তাঁর ওভারপ্রতি রান দেওয়ার গড় ছিল ১.৬৭। আশ্চর্য হলেও সত্য টানা ২১ ভার মেডেন দেওয়ার পরেও মাদ্রাজের ওই টেস্ট ম্যাচটিতে তিনি কোনো উইকেট পাননি! তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৩২-২৭-৫-০। কী ভয়ংকর কৃপণ তাই না!

শচীন টেন্ডুলকার ও ভু্বনেশ্বর কুমার
শচীন টেন্ডুলকার ও ভু্বনেশ্বর কুমার

ক্যারিয়ার ব্যাটিং গড় ‘শূন্য’

হারুনুর রশীদ
হারুনুর রশীদ


আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, কিন্তু ক্যারিয়ার-গড় শূন্য। এমন খেলোয়াড় বোধ হয় ইতিহাসে আছেন একজনই। তিনি বাংলাদেশের হারুনুর রশীদ। দেশের ঘরোয়া ক্রিকেটে আশির দশকের মাঝামাঝি সময় থেকে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত খেলেছিলেন তিনি। লিটন নামে পরিচিত এই ক্রিকেটার ১৯৮৮ সালের ২৭ অক্টোবর চট্টগ্রামে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন ভারতের বিপক্ষে। সে ম্যাচে ১৪ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। সে বছরেরই ২ নভেম্বর ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে আউট হন তিনি। আর কোনো দিনই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পাওয়ায় ব্যাটিং গড়ে কোনো সংখ্যা যোগ করতে পারেননি তিনি। দুর্ভাগা বোধ হয় একেই বলে!