চমকে গেছেন আফ্রিদিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজের একমাত্র টি-টোয়েন্টি খেলতে কালই ঢাকায় এসেছেন শহীদ আফ্রিদি। হোটেলে ঢোকার মুখেই সংবাদমাধ্যম ঘিরে ধরল পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ককে l প্রথম আলো
সিরিজের একমাত্র টি-টোয়েন্টি খেলতে কালই ঢাকায় এসেছেন শহীদ আফ্রিদি। হোটেলে ঢোকার মুখেই সংবাদমাধ্যম ঘিরে ধরল পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ককে l প্রথম আলো

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট আছে, তবে প্রতিদিনই বিমানের আসা-যাওয়া নেই। শহীদ আফ্রিদিদের আসতে হলো ঘুরপথে। করাচি থেকে ব্যাংকক হয়ে ঢাকা। সেই ভ্রমণক্লান্তি তো ছিলই, সঙ্গে যোগ হলো ঢাকার তীব্র যানজট। কাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁওয়ে আসতে তাঁদের সময় লেগে গেল দেড় ঘণ্টার বেশি।
এমন ধকলের পর হোটেলে পৌঁছে যত দ্রুত সম্ভব বিছানায় গা এলিয়ে দিতে ইচ্ছে করাটাই স্বাভাবিক। গাড়ি থেকে নেমে গণমাধ্যমকর্মীদের ভিড় ঠেলে আফ্রিদি দ্রুত পায়ে এগিয়ে গেলেন অভ্যর্থনা ডেস্কের দিকে। অভ্যর্থনাকারী চেক ইনের কাগজপত্র বের করতেই বলে উঠলেন, ‘ওসব পরে হবে, আগে রুমের চাবিটা দিন।’ আফ্রিদির সঙ্গে এদিন ঢাকায় এসেছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের আরও তিন ক্রিকেটার আহমেদ শেহজাদ, সোহেল তানভীর ও মুক্তার আহমেদ। টেস্ট দলের মিসবাহ-উল-হক, ইউনিস খান, বাবর আজম আসবেন কাল।
আফ্রিদি চাইলেও সঙ্গেই সঙ্গেই রুমের দিকে ছুটতে পারলেন না। ‘হাই, শহীদ...’ বলে পাশ থেকেই যে হাত বাড়িয়ে দিলেন এক শ্বেতাঙ্গ তরুণ! প্রথমটায় চিনতে না পেরে কৌতূহলী দৃষ্টিতে তাকালেন। তরুণ ততক্ষণে নিজের পরিচয় দিতে শুরু করেছেন, ‘আমি সাইমন ভিনসেন্ট, হ্যাম্পশায়ার ক্রিকেট ক্লাবের প্রেস অফিসার...।’ এবার আফ্রিদিও চিনলেন তাঁকে। মিনিট খানেকের কথোপকথন থেকে যা বোঝা গেল, কাউন্টি খেলতে গিয়েই সায়মনের সঙ্গে আফ্রিদির পরিচয়। সায়মনও কাল কী এক ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছেন। দিন চারেক থাকবেন হোটেল সোনারগাঁওতেই। পরিচিতজনকে পেয়ে তাঁর রুম নম্বরও জেনে নিলেন আফ্রিদি।
এরপর ছুটলেন নিজের রুমের দিকে। সঙ্গে ছুটল ক্যামেরা আর গণমাধ্যমকর্মীর ভিড়ও। পাকিস্তান দল যতই এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজ হেরে যাক, এই ক্রিকেটারটির নাম শহীদ আফ্রিদি। ক্রিকেটের অসংখ্য কীর্তির স্রষ্টা। শুধু ২৪ এপ্রিলের টি-টোয়েন্টি ম্যাচটা খেলতে এলেও হতাশার কালো মেঘে ঢাকা পড়া পাকিস্তান দলকে একটু আলোর দিশা তিনিই দেখাতে পারেন। ব্যাট-বল হাতে তো বটেই, টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেও।
ভ্রমণক্লান্তির জন্যই হয়তো হোটেল লবিতে খুব বেশি কথা বলতে চাইলেন না আফ্রিদি। দু-একটি প্রশ্ন করার পরই হাত নেড়ে বললেন, ‘কাল (আজ) মাঠে দেখা হবে।’ তবে এর মধ্যেই জানিয়ে দিলেন, নিজে এক দিনের ক্রিকেট ছেড়ে দিলেও আছেন পাকিস্তানের ওয়ানডে দলটির পাশেই, ‘সবাইকে বুঝতে হবে এটা একটা তরুণ দল। এমন দলের গুছিয়ে উঠতে সময় লাগে। কাজেই ওদের
আরও সময় দিতে হবে।’ কণ্ঠে প্রশংসা বাংলাদেশ দলের জন্যও, ‘বাংলাদেশ তো দেখছি বেশ এগিয়ে গেছে! খুব ভালো ক্রিকেট খেলছে দলটা।’
তারকাদের তারকা হয়েও আফ্রিদি তবু দু-একটা কথা বললেন। টি-টোয়েন্টি দলের আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ যেন ঢাকায় এসে কথাই ভুলে গেছেন! লিফটের দিকে যাওয়ার আগে লবিতে কিছুক্ষণ লাগেজের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দু-দুবার কথা বলতে গিয়েও ফিরে আসতে হলো তাঁর ‘বোবা’ মুখ দেখে। হতে পারে ভ্রমণক্লান্তিতে, কিংবা ওয়ানডে সিরিজে হারের লজ্জায় তিনিও বাকরুদ্ধ।