চমকে দিতে চান হাথুরুসিংহে

এখানকার কন্ডিশন ওদের চ্যালেঞ্জ জানাবে। আর আমরাও দল হিসেবে বেশ উন্নতি করছি। আশা করি, এমন কিছু করতে পারব যা ওদের বিপক্ষে আগে কখনো করতে পারিনি
অন্য সময় হলে হয়তো কথাটা হেসে উড়িয়ে দিতেন অনেকে। এখন তা দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে হবে। গত বিশ্বকাপের আগে-পরে মিলে পাওয়া ধারাবাহিক সাফল্য বরং আস্থাই রাখতে বলে চন্ডিকা হাথুরুসিংহের ওপর। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান এই কোচ যে অস্ট্রেলিয়া সিরিজেও ‘নতুন কিছু’র স্বপ্ন দেখালেন, সেটাকে মোটেই বাড়াবাড়ি মনে হচ্ছে না।
‘এখানকার কন্ডিশন ওদের চ্যালেঞ্জ জানাবে। আর আমরাও দল হিসেবে বেশ উন্নতি করছি। আশা করি, এমন কিছু করতে পারব যা ওদের বিপক্ষে আগে কখনো করতে পারিনি’—বাংলাদেশ কোচের কণ্ঠে আত্মবিশ্বাসের বিচ্ছুরণ। তবে এই মনোভাব বাস্তবতার মাটি থেকে সরে গিয়ে নয়। অস্ট্রেলিয়াকে বড় চ্যালেঞ্জ মানছেন হাথুরুসিংহেও, ‘অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নতুন ক্রিকেটার বের করে আনার সেরা পদ্ধতিটা ওদের জানা। তা ছাড়া অস্ট্রেলিয়া “এ” দল সম্প্রতি ভারতে ভালো খেলেছে। সিরিজটা চ্যালেঞ্জিংই হবে।’
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে গত সোমবার খেলোয়াড়দের নিয়ে ব্যাটিং-বোলিং অনুশীলনে নেমে পড়েছেন। আগের দুই সপ্তাহ ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের তত্ত্বাবধানে হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। যেটি নিয়ে হাথুরুসিংহে খুব সন্তুষ্ট, ‘এই প্রথম ফিটনেস নিয়ে কাজ করার যথেষ্ট সময় পাওয়া গেল। ক্রিকেটারদের চনমনে করে তোলার দরকার ছিল। মারিও ওদের নিবেদন নিয়ে খুবই খুশি। আমি তার প্রশংসা ক্রিকেটারদের কাছে পৌঁছে দিয়েছি।’
আগামী পরশু হাথুরুসিংহের ছাত্ররাই ‘এ’ দলের মোড়কে ভারতে যাচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি তো বটেই, ভারত ‘এ’ দলের বিপক্ষে এক দিনের ম্যাচের সিরিজ জয়ও লক্ষ্য আছে। এই সফরের আরেকটি তাৎপর্যও দেখছেন হাথুরুসিংহে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হবে। আমাদের “এ” দলে ওয়ানডে ক্রিকেটারই বেশি। ওদের জন্য ভারতের কন্ডিশনে অভ্যস্ত হওয়ার ভালো সুযোগ এটা।’ পেসার তাসকিন আহমেদ এই সফরেই ফিরতে পারেন দীর্ঘ পরিসরের ক্রিকেটে। সব ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া সিরিজে তাঁর টেস্ট অভিষেকের আভাসও দিলেন কোচ, ‘মাত্র ১৯-২০ বছর বয়সে ১৪০-১৪৫ কিমি গতিতে বল করা সহজ কাজ নয়। ও আমাদের সম্পদ। ওকে দ্রুতই টেস্ট খেলানোর পরিকল্পনা আছে আমাদের।’
‘এ’ দলের কোচ হয়ে ভারতে যাচ্ছেন সম্ভবত জাতীয় দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। ঢাকায় থেকে হাথুরুসিংহে কাজ করবেন অন্যদের নিয়ে, চোখ রাখবেন জাতীয় লিগেও। শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের খবর ঠিক হলে অবশ্য এ মুহূর্তে শ্রীলঙ্কার ক্রিকেটটাও তাঁর মাথায় থাকার কথা। মারভান আতাপাত্তু সরে দাঁড়ানোর পর শ্রীলঙ্কার সম্ভাব্য কোচ হিসেবে শোনা গেছে হাথুরুসিংহের নামও। তবে প্রসঙ্গটা যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি, ‘এ মুহূর্তে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ দলকে কোচিং করানো, যেন আমরা পরের সিরিজটা জিততে পারি। নিজের দেশে কাজ করতে সবারই ভালো লাগে। কিন্তু সেটিরও একটা সময় আছে। এ মুহূর্তে আমি যা করছি, তা নিয়ে খুবই সন্তুষ্ট। শুধু ক্রিকেটার বা আমার সহকারীরা নন, বোর্ডও আমাকে অনেক সাহায্য করছে। দল হিসেবেও আমরা ভালো করছি।’
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে জানালেন। সম্ভাব্য কোচদের তালিকায় নিজের নাম থাকাটাকেও স্বাভাবিক বলেই মনে করছেন হাথুরুসিংহে। একটি সূত্রে অবশ্য জানা গেছে, এসএলসি থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই যোগাযোগ করা হয়নি তাঁর সঙ্গে। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে হাথুরুসিংহের শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এসএলসির বর্তমান কর্ণধারদের সঙ্গে হাথুরুসিংহের সম্পর্কটা নাকি তেমন মধুর নয়।