চমকে দিল নামিবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়া যুবদলের বাঁধভাঙা উচ্ছ্বাস l প্রথম আলো
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়া যুবদলের বাঁধভাঙা উচ্ছ্বাস l প্রথম আলো

বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসর বসল ২০০৪ সালে। আগেরবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেরোতে পারল না গ্রুপপর্ব। ‘এ’ গ্রুপে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নদের খেলতে হলো প্লেটপর্বে।
২০১৬—এক যুগ পর আবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ঘটল প্রায় একই ঘটনা। এবার প্রথম পর্ব থেকেই বিদায় বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার, তারা খেলবে প্লেটপর্বে।
দক্ষিণ আফ্রিকার কপাল পুড়িয়েছে পুঁচকে নামিবিয়া। কাল অল্প রানের ম্যাচে বৃহৎ প্রতিবেশীদের ২ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নামিবিয়া।
কক্সবাজারের শেখ কামাল একাডেমি মাঠে টস জিতে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা ২ রান তুলতেই হারায় ২ উইকেট। এই ধাক্কা আর সামলাতে পারেনি দলটি। পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে মাত্র ১৩৬ রান করে প্রোটিয়া যুবারা। নামিবিয়ানরা রানটা পেরিয়ে যায় ৪০ ওভারের মধ্যেই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘সি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১২৯ রানে হারিয়েছে ইংলিশরা। জ্যাক বার্নহামের সেঞ্চুরি ও দুই ওপেনার ড্যান লরেন্স ও ম্যাক্স হোল্ডেনের ফিফটি ইংল্যান্ডকে দেয় ২৮৮ রানের পুঁজি। জিম্বাবুয়ে অলআউট ১৫৯ রানেই।
‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ফিজিকে কাল ২৬২ রানে হারিয়ে শেষ আটের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। শামার স্প্রিঙ্গারের ঝোড়ো সেঞ্চুরিতে (৭৮ বলে ১০৬) ৭ উইকেটে ৩৪০ রান তোলে ক্যারিবীয়রা। প্রতিপক্ষের নির্মম ব্যাটিংয়ের বিপক্ষেও ৫৯ রানে ৬ উইকেট নিয়েছেন ফিজির মিডিয়াম পেসার সাকাসাকা টিকোইসুভা। প্রথম দুই ম্যাচে ৭২ ও ৮১ রানের পর ফিজিয়ানরা এ ম্যাচেও অলআউট ৭৮ রানে।