চমকে দিয়ে ফিরেছেন, চমকে দিতে পারবেন টেইট?

২০১১ সালে মার্চ। সেবার বিশ্বকাপে আহমেদাবাদে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করেছিলেন তিনি। ভারতে আরও একটি বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো আবার দেখা যাবে পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা শন টেইটকে। এর আগে টেইট নিজের সামর্থ্যের পরীক্ষা দেবেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেখানে ভালো করলেই বিশ্বকাপের দলেও সুযোগ মিলবে এই অস্ট্রেলীয় ফাস্ট বোলারের।
ফেব্রুয়ারিতে ৩৩ বছর পূর্ণ হবে। ৩৪-এ পা দিয়ে ফেলা একজন ফাস্ট বোলারকে পাঁচ বছর পর দলে নেওয়া অনেকের জন্যই চমক। টেইট পারবেন আসল চমক উপহার দিতে? পারবেন সেই আগুন ঝরানো ‘গতিদানব’টিকে ফিরিয়ে আনতে?
এমন এক সময় আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন, যে সময় গতির ঝড় তোলার দ্বৈরথ জমে উঠেছিল শোয়েব আখতার আর ব্রেট লির। মাত্র চার ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে ২০০৭ বিশ্বকাপে খেলতে গিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। তাঁর গতি কিংবা সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না। ফাস্ট বোলারদের চিরশত্রু চোটও তখন বড় সমস্যা নয়। টেইটকে যে পেয়ে বসেছিল বৈরাগ্য! নিজেই নিজেকে সরিয়ে নিলেন ক্রিকেট থেকে। এরপর ফিরলেও ঠিক ‘ফেরা’ হয়নি। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে আবারও হারিয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটের দৃশ্যপট থেকে। এরপর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলেও আর সুযোগ পাননি।
অস্ট্রেলিয়ার আগুন ঝরানো ফাস্ট বোলারের সংকট আর বিগ ব্যাশে ভালো করা—দুই মিলে টেইট আবারও ডাক পেলেন জাতীয় দলে। ভারতীয় কন্ডিশনে বেশির ভাগ দলই স্পিনে বাড়তি মনোযোগ দেবে। কিন্তু অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান রড মার্শ বলেছেন, ভারতীয় কন্ডিশনে বাড়তি পেস বাড়তি কার্যকর হবে বলেই তাঁরা মনে করেন। বিগ ব্যাশেই দারুণ খেলে আবারও জায়গা করে নেওয়া শেন ওয়াটসনও বলেছেন, আগুন এখনো ঝরাতে পারেন টেইট, ‘ওর মুখোমুখি হয়েছিলাম। দুটি বল খেলেছি। একটা তো ছিল খুবই দ্রুতগতির বাউন্সার, আরেকটি আমার ব্যাটের কানায় লেগেছিল। এর থেকেই বোঝা যায় ও এখনো দারুণ বোলিং করছে।’
ওয়াটসনকেও সুখবর দিয়েছে টি-টোয়েন্টি দলে জায়গা ফিরে পাওয়া। টেস্টের পর এই অলরাউন্ডারের ওয়ানডে ক্যারিয়ারও শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। তবে ভারতীয় কন্ডিশনে তাঁর অভিজ্ঞতা, আইপিএল-সাফল্য; সেই সঙ্গে সিডনি থান্ডার্সের হয়ে সর্বশেষ দুই ম্যাচে ৬২ ও ৬৬ রানের দুটি ইনিংস ৩৪ বছর বয়সী ওয়াটসনকে আরও একবার জাতীয় দলে নিয়ে এল। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে টেইটের মতো তাঁকেও দিতে হবে সামর্থ্যের প্রমাণ।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাই টেইট-ওয়াটসন দুজনের জন্যই বড় পরীক্ষার। বিশেষ করে টেইটের জন্য। এরপর মার্চে অস্ট্রেলিয়ার আরও একটি টি-টোয়েন্টি সিরিজ আছে বটে বিশ্বকাপের আগমুহূর্তে। তবে ১১ ফেব্রুয়ারির মধ্যেই বিশ্বকাপের দল দিতে হবে অস্ট্রেলিয়াকে। এটাই তাই টেইটের জন্য শেষ সুযোগ।
যে ভারতে এক বিশ্বকাপ শেষে হারিয়ে গিয়েছিলেন টেইট, সেই ভারতেই আরেকটি বিশ্বকাপ দিয়ে তিনি কি পারবেন নিজের সেই ঝলসানো জাদু দেখাতে?