চমকের নাম জুবায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হোসেন
জুবায়ের হোসেন

বাংলাদেশের প্রথম টেস্ট হ্যাটট্রিক একজন লেগ স্পিনারের। আরেক লেগ স্পিনারের টেস্ট উইকেট আছে ২১টি। কিন্তু লেগ স্পিনের রোমাঞ্চ বাংলাদেশ টেস্ট যুগে সেভাবে পায়নি কখনোই। ওই অলক কাপালি বা মোহাম্মদ আশরাফুলরা তো ছিলেন স্রেফ কাজ চালানোর লেগ স্পিনার। লেগ স্পিনের সত্যিকার রোমাঞ্চ নিয়ে দলে এলেন জুবায়ের হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে ১৯ বছর বয়সী লেগ স্পিনারকে।

১৪ সদস্যের দলে বড় চমক বলতে এটিই। নতুন মুখও একজনই। দলে ফিরেছেন পেসার শাহাদাত হোসেন ও ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। ফেরা বলতে হবে সাকিব আল হাসানের ক্ষেত্রেও। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এশিয়ান গেমস ক্রিকেটে খেলেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই টেস্ট দিয়েই। কলকাতা সফরের বিসিবি একাদশে থাকায় আগেই টেস্ট দল থেকে বাদ পড়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল নাসির, এনামুল ও সানির। অসুস্থতার কারণে নেই ইমরুল কায়েস, সোহাগ গাজী নিষিদ্ধ। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে আর নেই রবিউল ইসলাম। ২৫ অক্টোবর থেকে মিরপুরে শুরু হচ্ছে তিন টেস্ট সিরিজের প্রথমটি।

বয়সভিত্তিক পর্যায় থেকে জুবায়ের টেস্ট আঙিনায় উঠে এলেন যেন চলন্ত সিঁড়িতে। গত ফেব্রুয়ারিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আরব আমিরাতে গিয়েছিলেন, চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচও। প্রতিভা আর সম্ভাবনার কারণে তবু ডাক পান ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক ক্যাম্পে। ওই ক্যাম্পেই নেটে জুবায়েরকে দেখে মনে ধরে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোলিং কোচ হিথ স্ট্রিকের। ওয়েস্ট ইন্ডিজেই জুবায়েরকে নিয়ে যেতে চেয়েছিলেন কোচ। সেবার হয়নি। তখনো কোনো ধরনের সিনিয়র ক্রিকেটেই খেলেননি জুবায়ের। গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক, সিরিজের দুটি চার দিনের ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। ওই পারফরম্যান্সেই ত্বরান্বিত হয়েছে দলে আসা।

কদিন আগে প্রথম আলোকে বলেছিলেন, অভিজ্ঞতা কম থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তিনি প্রস্তুত। দলে ডাক পাওয়াটা তাই খানিকটা প্রত্যাশিতই ছিল। তার পরও স্বপ্নটা সত্যি হওয়ার মুহূর্তে জামালপুরের তরুণ ছিলেন উচ্ছ্বসিত, ‘আমার জীবনে সবচেয়ে আনন্দময় দিন বলতে পারেন। সব ক্রিকেটারেরই স্বপ্ন জাতীয় দলে খেলা। আমিও ক্রিকেট খেলা শুরুর পর থেকে এই স্বপ্ন দেখে আসছি। সেই স্বপ্ন সত্যি হলো আজ, অনেক ভালো লাগছে।’

জুবায়েরের অন্য প্রান্তে সাকলাইন সজীব। ঘরোয়া ক্রিকেটের দীর্ঘদিনের পারফরমার তিনি। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ইনিংসে ৯ উইকেট, দুই ম্যাচে ২১ উইকেট নেওয়ার পর স্বপ্ন দেখছিলেন নতুন করে। কিন্তু এই বাঁহাতি স্পিনার উপেক্ষিত এবারও। প্রধান নির্বাচক ফারুক আহমেদের যুক্তি, ‘সোহাগ গাজী না থাকায় দলে বোলিং বৈচিত্র্যের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা। এ জন্যই জুবায়েরকে বেছে নেওয়া।’ সাকিব আর তাইজুল আছেন, তৃতীয় বাঁহাতি স্পিনার চাননি নির্বাচকেরা।

শাহাদাত বেশ কয়েক বছর ছিলেন বাংলাদেশের প্রথম পছন্দের টেস্ট পেসার। কিন্তু একটা পর্যায়ে হারিয়ে ফেলেছিলেন গতি আর আগ্রাসন। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে গলে। বাদ পড়ার আগের ৭ টেস্টে উইকেট নিতে পেরেছিলেন মাত্র ৫টি। শাহাদাতের কণ্ঠে উচ্ছ্বাসের চেয়ে তাই যেন বেশি ছিল প্রতিজ্ঞা, ‘ভালো লাগছে। তবে নতুন কিছু তো নয়, আমি আগেও ছিলাম। নিজের জায়গাটা ফিরে পেলাম। আগে যেসব ভুল করেছি, সেসব আর করতে চাই না এবার।’

ভুলের বলয় থেকে বের হওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশ দলেরও!

প্রথমটেস্টেরদল

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম।

বাদ পড়েছেন: নাসির হোসেন, এনামুল হক, ইমরুল কায়েস, ইলিয়াস সানি, রবিউল ইসলাম, সোহাগ গাজী। দলে ফিরেছেন: সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব। নতুন মুখ: জুবায়ের হোসেন