চলছে ট্রান্সকম প্রিমিয়ার লিগের খেলা

রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে আজ শনিবার সকাল আটটার দিকে শুরু হয়েছে প্রথম ট্রান্সকম প্রিমিয়ার লিগের খেলা (টিপিএল)। খেলায় অংশ নিচ্ছে আটটি দল।
টিপিএলে ১২ ওভারের টুর্নামেন্টে প্রতিটি দল নকআউট পদ্ধতিতে খেলবে।

বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন। তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন।
উদ্বোধনী বক্তব্যে সিমিন হোসেন বলেন, ‘আমরা একটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি। এই প্রথম ট্রান্সকম প্রিমিয়ার লিগ শুরু হয়েছে।’ সামনের বছরগুলোতেও এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে তিনি জানান।

সিমিন হোসেন আরও বলেন, ‘আমরা এখানে এসেছি বিভিন্ন ডিভিশন থেকে। বিভিন্ন কোম্পানি থেকে। তবে সবার পরিচয় একটাই। উই আর ওয়ান, উই আর ট্রান্সকম।’ এ সময় সঙ্গে তাঁর বড় ছেলে যারেফ আয়াত হোসেন ছিলেন।
উৎসবমুখর পরিবেশে ট্রান্সকম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান টুর্নামেন্টে অংশ নিয়েছে। এতে ডিজিটাল নাইটস, দুর্জয় প্রথম আলো, এসকেএফ লায়ন্স, পেপসি চ্যালেঞ্জার্স, ট্রান্সকম ডিজিটাল ড্রাগন, ট্রান্সকম ভিক্টোরিয়ানস, ট্রান্সকম গ্ল্যাডিয়েটরস ও ইলেভেন মাসকেটিয়ার্স—এই আটটি দল অংশ নিচ্ছে।

টিপিএলের প্রথম খেলায় দুর্জয় প্রথম আলো হারিয়েছে ইলেভেন মাসকেটিয়ার্সকে। এসকেএফ লায়ন্সকে হারিয়েছে ডিজিটাল নাইটস।

খেলা চলাকালে জাতীয় দলের পেসার ও পেপসির শুভেচ্ছাদূত তাসকিন আহমেদ পরিদর্শনে আসেন।

খেলা দেখতে আসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। খেলার মাঠে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

খেলা চলবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।