চলছে 'কূটনৈতিক' প্রচেষ্টাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েও কাল পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছ থেকে কোনো সাড়া পায়নি বিসিবি। অস্ট্রেলিয়ান সরকারের কোর্টে বল ঠেলে দিয়ে তারা বলছে, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে বিসিবি যে শুধু সিএর সাড়ার অপেক্ষায়ই আছে তা নয়। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ সফরের ব্যাপারে রাজি করাতে কূটনৈতিক প্রচেষ্টাও শুরু হয়ে গেছে এর মধ্যে।
দ্বিপক্ষীয় সিরিজের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে সিরিজ-সংক্রান্ত সবকিছুই নিয়মিত আইসিসিকে জানাচ্ছে বিসিবি। তবে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তাদের যোগাযোগটা এখন আর শুধু আইসিসি বা সিএর সঙ্গে নয়, বিস্তৃত হচ্ছে অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর বোর্ডের সঙ্গেও।
সিএ বাংলাদেশ সফরে দল না পাঠানোর যে কারণ দেখাচ্ছে, বিসিবি সেটিকে ‘খোঁড়া অজুহাত’ মনে করছে। নিরাপত্তা নিয়ে সিএর অভিযোগের বাস্তব ভিত্তি আছে বলে তারা মনে করে না। অস্ট্রেলিয়া দলের জন্য প্রতিশ্রুত নিরাপত্তাব্যবস্থার কথা উল্লেখ করে অন্য বোর্ডগুলোকে এসবই জানিয়ে রাখছে বিসিবি। সূত্র জানিয়েছে, দু-একটি বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে নাকি এরই মধ্যে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও কাল রাতে মুঠোফোনে দিলেন একই আভাস, ‘আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়াসহ অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর বোর্ডের সঙ্গেও আমরা বিষয়টা নিয়ে কথা বলছি, তাদের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করছি।’
সফরের ব্যাপারে অস্ট্রেলিয়া সরকারের নেতিবাচক মনোভাব থাকলে যে এসব কূটনৈতিক তৎপরতায়ও কাজ হবে না, বিসিবি সেটা ভালো করেই জানে। তারপরও তারা ভেতরে-ভেতরে কিছুটা কঠোর হতে চাইছে। নাম প্রকাশ না করার শর্তে এক বোর্ড পরিচালক বললেন, ‘যতখানি লড়াই করা যায় আমরা করব। তারা যদি শেষ পর্যন্ত না-ই আসে, বিষয়টা আমরা আইসিসির সভায় তুলব।’ তাতেও বাংলাদেশের ক্রিকেটের ক্ষতিপূরণ কতটা হবে কে জানে!
কাল রাতে বিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য আশার কথাই বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমরা এখনো আশাবাদী যে সিএ তাদের দলের বাংলাদেশে আসার নতুন একটা তারিখ জানাবে এবং আমরা দ্রুতই মাঠে ক্রিকেটের অসাধারণ কিছু লড়াই দেখতে পাব। ক্রিকেটার, সমর্থকসহ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার সেটাই প্রত্যাশা।’
বাংলাদেশ সফর করে যাওয়া অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল গতকাল সে দেশের সরকার, সিএ এবং খেলোয়াড়দের সঙ্গে সভা করেছে। তবে ধারণা করা হচ্ছে, সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ সিএর বোর্ড সভার পর। বিসিবির আশা, সিএর সিদ্ধান্ত দুই বোর্ডের জন্যই মঙ্গলজনক হবে।
কিন্তু পরিস্থিতি কাল পর্যন্ত সে রকম কোনো আভাস দেয়নি। উল্টো বাংলাদেশে আসার জন্য অপেক্ষমাণ খেলোয়াড়দের নিজ নিজ রাজ্য দলের হয়ে অনুশীলনে যোগ দিতে বলেছে সিএ। খেলোয়াড়দের উদ্দেশে তাদের এই বার্তা অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা আরও ফিকে করে দিচ্ছে। বিসিবি অবশ্য তাতেও নিরাশ নয়। নিজাম উদ্দিন চৌধুরীর ভাষায়, ‘তারা তাদের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য পাঠিয়ে দিয়েছে, এটা আপনাদের কাছে নেতিবাচক ব্যাপার হতে পারে; কিন্তু তারা যে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি, সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি।’
বোর্ডের নির্দেশনা পাওয়ার পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা যাচ্ছেন সিডনির ম্যাটাডোর কাপে খেলতে। আর সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটছে না বলে বাংলাদেশের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন ৩ অক্টোবর থেকে শুরু জাতীয় লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলার। পরিস্থিতি নাটকীয় কোনো মোড় নিলেও আগামী ৬ অক্টোবরের মধ্যে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছে না বিসিবি। সে কারণেই ক্রিকেটারদের আজ জাতীয় লিগে খেলার জন্য যাঁর যাঁর দলের সঙ্গে যোগ দিতে বলা হতে পারে।
তাতে ক্রিকেটাররা হয়তো খেলায় ফিরবেন, কিন্তু শুধু নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে না, এটা মেনে নিতে পারছেন না কোনো খেলোয়াড়ই। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার শঙ্কা প্রকাশ করলেন, ‘নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া না এলে তা আমাদের ক্রিকেটে বাজে প্রভাব ফেলবে। অথচ অভিযোগটা পুরোপুরি ভুল।’ সিনিয়র এক ক্রিকেটার এর পেছনে দেখছেন অন্য কারণ, ‘আমার মনে হয় না শুধু নিরাপত্তাই কারণ। নভেম্বরের শুরুতে ওদের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া হয়তো চায় তার আগে খেলোয়াড়দের বিশ্রাম দিতে...।’ আরেক ক্রিকেটারের মন্তব্য, ‘বাংলাদেশে খেলাধুলায় নিরাপত্তার অভাব আছে, আমি এটা বিশ্বাস করি না। বিদেশি দলগুলোকে আমাদের দেশে যে পরিমাণ নিরাপত্তা আর আতিথেয়তা দেওয়া হয়, সেটা পৃথিবীর আর কোনো দেশ দেয় না। আমাদের দেশে যে সবচেয়ে খারাপ মানুষ, সে-ও ক্রিকেটের ফ্যান।’
কথাটা কি বিশ্বাস করে অস্ট্রেলিয়া?