চলি বন্ধু, বিদায়...

আজকের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ‘অতীতের নাম’ হয়ে যাবেন মিসবাহ-উল-হক ও ইউনিস খান। কাল ডমিনিকা টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেই আনুষ্ঠানিক বিদায়টা পেয়ে গেলেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা অবশ্য রাঙাতে পারেননি তাঁরা কেউই। মিসবাহ আউট হয়েছেন ২ রানে, ইউনিস ৩৫ রানে। কিন্তু তাতে কিছু এসে–যায় না। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজেও এই দুই ব্যাটসম্যান প্রমাণ করেছেন পাকিস্তান ক্রিকেটে তাঁরা এখনো কতটা অপরিহার্য।

শেষ সিরিজে এসেই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছেন ইউনিস। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের জরিপ বলছে, পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান তিনিই—মাজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল হকরাও সেই জরিপে আছেন ইউনিসের পেছনে। ২০০০ সালে অভিষেকের পর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার। টেস্ট খেলেছেন ১১৮টি। ৩৪টি সেঞ্চুরি, ৫৩টি ফিফটি করেছেন ৫২.৩২ গড়ে।

২৬৫ ওয়ানডেতেও ৭ হাজারের ওপরে রান। অধিনায়ক হিসেবেও সাফল্য আছে। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর পাকিস্তান দ্বিতীয় বৈশ্বিক শিরোপাটা কিন্তু জিতেছিল তাঁর অধিনায়কত্বেই। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মিসবাহ টেস্ট খেলেছেন ৭৫টি, ইউনিসের তুলনায় অনেক কম। যদিও ইউনিসের এক বছর পরেই (২০০১) টেস্ট অভিষেক মিসবাহর। মাঝখানে বেশ কয়েক বছর পাকিস্তান দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। থিতু হওয়ার পর পাকিস্তানের নির্ভরতা হয়ে উঠেছেন। হয়েছেন অধিনায়ক। তাঁর নেতৃত্বেই তো গত বছর নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট-সাফল্যটা ঘরে তুলেছে পাকিস্তান। ২০০৯ সাল থেকে নিজেদের মাঠে টেস্ট না খেলেও পাকিস্তান উঠে যায় আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। টেস্ট ও ওয়ানডে মিলে অবশ্য ১০ হাজার রান করেছেন মিসবাহও। দুই সংস্করণে ৪০-এর ওপর গড়। তবে বিদায় বেলায় একটা আফসোস তাঁর থাকছেই। ওয়ানডে ক্রিকেটে বেশ কয়েকবার ৯০-এর ঘরে আউট হলেও একটি ওয়ানডে সেঞ্চুরি তাঁর অধরাই থেকে গেল।

দুজন মিলে পাকিস্তানের হয়ে ১৯৩টি টেস্ট খেলে দেশকে দিয়েছেন ১৫ হাজারের বেশি রান। ক্যারিয়ারের শেষ ৮ বছর নিজেদের দেশের মাটিতে খেলতে না পারার আফসোসটা সঙ্গী করেই বিদায় নিচ্ছেন তাঁরা। ক্রিকেটের এই দুই দূতের বিদায়টা আরও বর্ণাঢ্য তো হতেই পারত।