চলে এসেছেন ফিল্ডিং কোচ

ক্যারিবিয়ানে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন ‘বিশেষ ব্যবস্থায়’। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চাকরিতে ছিলেন তখনো। বিশেষ অনুমতি নিয়ে এক মাসের জন্য বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজে। তখনই কথা ছিল, ইসিবির দায়িত্বের মেয়াদ শেষ হলে পাকাপাকিভাবে চুক্তিবদ্ধ হবেন বিসিবির সঙ্গে। সেই মেয়াদ শেষ হয়েছে গত ৩ অক্টোবর। রিচার্ড হ্যালসলও চলে এসেছেন বাংলাদেশে। কাল যোগ দিয়েছেন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পেও। আপাতত দুই বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের ফিল্ডিং কোচের।
হ্যালসলের জন্ম জিম্বাবুয়েতে, প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকও সেখানেই মাশোনাল্যান্ডের হয়ে। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে থিতু হয়েছেন ইংল্যান্ডে। ইংলিশ হিসেবেই পরিচিত এখন। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার থমকে গেছে মাত্র ৯ ম্যাচেই। তবে ৪৬ বছর বয়সী সাবেক এই মিডিয়াম পেসারের কোচিং প্রোফাইল বেশ সমৃদ্ধ। সাসেক্সের ফিল্ডিং কোচ ছিলেন। ২০০৭ সালে দায়িত্ব পান ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচের। ২০১১ সালে দায়িত্ব নেন ইংল্যান্ডের সহকারী কোচের। অ্যান্ডি ফ্লাওয়ারের অসুস্থতা-বিশ্রামের নানা সময় ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। ফ্লাওয়ারের সম্ভাব্য উত্তরসূরিদের দৌড়েও ছিলেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ছিলেন ইংল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারের ফিল্ডিং কোচ।
হ্যালসলের মতো ‘হাই প্রোফাইল’ কোচ পেয়ে বিসিবিও বেশ সন্তুষ্ট। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কণ্ঠে ছিল সেই তৃপ্তি, ‘হাই প্রোফাইল কোচরা বাংলাদেশে সেভাবে আসতে চান না, এলেও থাকতে চান না নানা কারণে। তার পরও আমরা চেয়েছি জাতীয় দলের জন্য যতটা সম্ভব উঁচু মানের কোচ আনার জন্য। অনেক কষ্ট করে আমরা হ্যালসলকে পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজে ওঁর কাজ আমি দেখেছি। কোচ, অধিনায়কসহ টিম ম্যানেজমেন্টের আরও যাঁরা ছিলেন, সবাই বলেছেন ওঁর কাজ বেশ ভালো। আশা করি, বাংলাদেশের ফিল্ডিংয়ে আরও উন্নতি এনে দিতে পারবেন হ্যালসল।’