চলে গেল আরও ৭২ ঘণ্টা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগ নিয়ে একসঙ্গে দুটি বিষয়ে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। একটা ছিল প্রিমিয়ার লিগের আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের জন্য। অন্যটি ক্লাবগুলোকে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক পরিশোধের তাগিদ দিয়ে।
আবাহনী-প্রাইম দোলেশ্বর জটিলতা নিরসন হয়ে গেছে ৭২ ঘণ্টা পেরোনোর আগেই। দুই দলকে ১-১ পয়েন্ট করে দেওয়ার পাশাপাশি তামিম ইকবালকে ১ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে বহিষ্কার করা হয়েছে। নাসির হোসেনের হয়েছে ২০ হাজার টাকা জরিমানা।
এই দুই ক্রিকেটারের ‘অর্থবিয়োগের’ সিদ্ধান্তটি বিসিবি ৭২ ঘণ্টার মধ্যে নিতে পারলেও খেলোয়াড়দের ‘অর্থযোগের’ ক্ষেত্রে ব্যর্থ। বকেয়া পারিশ্রমিক পরিশোধের ৭২ ঘণ্টা সীমার পর পেরিয়েছে আরও ৭২ ঘণ্টা। অথচ সব ক্লাব এখনো তাদের খেলোয়াড়দের দেয়নি প্রতিশ্রুত পারিশ্রমিক। বিসিবির নির্দেশনা অনুযায়ী এত দিনে প্রত্যেক ক্রিকেটারের চুক্তির অন্তত ৬০ শতাংশ টাকা পেয়ে যাওয়ার কথা ছিল। বিতর্কিত ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতির দলবদল-প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করতে তখন এ নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন বোর্ড কর্মকর্তারা। এভাবে নাকি খেলোয়াড়দের টাকাপয়সা ঠিকভাবে পাওয়ার নিশ্চয়তা থাকে। কিন্তু বাস্তবতা হলো, হাতে গোনা কয়েকটি ক্লাবই এখন পর্যন্ত সে শর্ত পূরণ করেছে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল বলেছেন, ‘ইতিমধ্যে কয়েকটি ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং দু-একটা ক্লাব প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিয়েছে। যেসব ক্লাবে খেলোয়াড়দের টাকা বাকি আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি জিনিসটা সমাধান করতে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা আশা দেখালেন, ‘আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যেন ঈদের আগেই খেলোয়াড়েরা চুক্তি অনুযায়ী টাকাগুলো পেয়ে যায়।’ তাঁর এ কথায় খেলোয়াড়েরা কতটা ভরসা রাখতে পারবেন কে জানে! কারণ বোর্ড সভাপতির ‘আল্টিমেটামকে’ যে ক্লাবগুলো খুব একটা পাত্তা দেয় না, সেটা তো তারা এর আগেও দেখেছেন।