চলে গেলেন অস্ট্রেলিয়ার পুরোনো সাক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাত্র সাতটি টেস্ট, এমন বড় কোনো ক্রিকেটার ছিলেন না। তবে অস্ট্রেলিয়ার জীবিত ক্রিকেটারদের মধ্যে সবার আগে তাঁর মাথাতেই উঠেছিল ব্যাগি গ্রিন। ‘ছিলই’ বলতে হচ্ছে। কারণ ৯০ বছর বয়সে পরশু না-ফেরার দেশে চলে গেছেন লেন ম্যাডক্স।
১৯৫৪ থেকে ১৯৫৬ পর্যন্ত অস্ট্রেলিয়া দলে খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। গত বছর আর্থার মরিস চলে যাওয়ার পর জীবিত অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটারদের মধ্যে ম্যাডক্সই ছিলেন প্রবীণতম। সবচেয়ে প্রবীণদের তালিকায় সবার ওপরে এখন ৮৮ বছর বয়সী কেন আর্চার।
সাত টেস্ট খেলেই ম্যাডক্স হয়ে গেছেন ইতিহাসের অংশ। ১৯৫৬ সালে জিম লেকারের মহাকাব্যিক ১৯ উইকেট নেওয়ার টেস্টে সর্বশেষ শিকার ছিলেন ম্যাডক্স। তাঁকে আউট করেই লেকার পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে নিজের দশম উইকেট।