চলে গেলেন আর্থার মরিস

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই উচ্চারিত হয় আর্থার মরিসের নাম। ১৯৪৮ সালের অ্যাশেজ সিরিজে তিনি খেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যানের অধিনায়কত্বে। সেবারের ‘অজেয়’ অস্ট্রেলীয় স্কোয়াডের সেরা সদস্যই ছিলেন তিনি। ৬৯৬ রান করে সেই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে মরিস নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। শনিবার সেই মরিস ছিন্ন করলেন মায়ার সব বাঁধন। ৯৩ বছর বয়সে তিনি চলে গেলেন জীবন-নদীর ওপারে।
নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের বিদায়বেলায় শোকাভিভূত ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সেরা উদ্বোধনী ব্যাটসম্যানদের তালিকা করতে গেলে সবার আগেই চলে আসবেন আর্থার মরিস।’ মরিসকে নিজেদের বর্ণিল অতীতের সঙ্গে বর্তমান সময়ের দারুণ এক যোগসূত্র হিসেবে অভিহিত করে তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
‘অভিজাত’ ও ‘পরিপূর্ণ’ ব্যাটসম্যান হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত মরিস ৪৬ টি টেস্ট খেলেছেন তাঁর ক্যারিয়ারে। এই ৪৬ টি টেস্টে ৪৬.৪৮ গড়ে তাঁর মোট রান ৩৫৩৩। ১২টি করে শতক আর অর্ধশতকের মালিক মরিস প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ব্যক্তিগত খাতায় ৫৩.৬৭ গড়ে যোগ করেছেন ১২ হাজারের ওপর রান। মজার ব্যাপার হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর শতক ও অর্ধশতকের সংখ্যা সমান—৪৬টি করে।
১৯৫০-৫১ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষেই অ্যাডিলেড ওভালে তিনি টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছিলেন। ১৯৫৬ সালে ৩৪ বছর বয়সে তিনি বিদায় নেন ক্রিকেট থেকে। তাঁর ক্রিকেট জীবনের সবচেয়ে সেরা সময়গুলোকে অবশ্য আড়াল করে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থিরতা ও অনিশ্চয়তা। সূত্র: এএফপি।