চলে গেলেন ঘরোয়া ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান

তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে স্মরণযোগ্য এক কীর্তি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন ছিলেন তিনি। আজ বিকেলে জীবনের ইনিংস থেকেই বিদায় নিলেন সেই আহসান জহির। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
স্বাধীনতার পর দেশে প্রথমবারের মতো পেশাদার ক্রিকেট লিগ চালু হয় ১৯৭৩-৭৪ মৌসুমে। সেবার লিগে শতক হাঁকাতে পারেননি কোনো ব্যাটসম্যানই। ১৩ মার্চ ১৯৭৫, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঢাকা স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়াম) কুমিল্লার বিপক্ষে বরিশালের হয়ে শতক হাঁকান আহসান। ওটাই ছিল বাংলাদেশের প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।
আক্রমণাত্মক ব্যাটসম্যান আহসান খেলেছেন আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, সূর্যতরুণ ও শান্তিনগর দলে। প্রায় দুই দশকের খেলোয়াড়ি জীবনের ইতি ঘটে ১৯৮৫ সালে। আহসানের প্রয়াণে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।