চলে গেলেন দীপক সোধান

পরিসংখ্যান বলে এমন বড় কোনো ক্রিকেটার নন। ৩ টেস্টে ১৮১ রান—এমন রেকর্ড তো কত ক্রিকেটারেরই আছে। তবে দীপক সোধানকে ইতিহাস মনে রাখবে অন্য কারণে। ভারতের হয়ে নিজের অভিষেক টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ভারতের জীবিত টেস্ট খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন তিনি। ছিলেন বলতে হচ্ছে, কারণ কাল ভোরে ৮৭ বছর বয়সে অন্যলোকে চলে গেছেন সাবেক এই বাঁহাতি অলরাউন্ডার।
১৯৫২ সালে পাকিস্তানের সঙ্গে ইডেন গার্ডেন টেস্টে সোধানের সেঞ্চুরিটা অবশ্য ভারতের হয়ে অভিষেকে প্রথম নয়। ১৯৩৩ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পেয়েছিলেন লালা অমরনাথ, তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে। ওটাই ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৯ বছর পর সোধানের কীর্তিটা তাই অভিষেক ইনিংসে প্রথম তিন অঙ্ক ছোঁয়ার। অথচ সিরিজের শেষ ওই টেস্টে সোধানের খেলার কথাই ছিল না। কিন্তু অধিনায়ক বিজয় হাজারে অসুস্থ হয়ে পড়ায় প্রথম একাদশে জায়গা হয়।
তবে সেঞ্চুরি যেভাবে পেয়েছিলেন, সেই গল্প আরও বেশি রোমাঞ্চকর। আট নম্বরে যখন নামেন, ভারত ১৭৯ রানে ৬ উইকেট হারিয়ে কাঁপছে। সেখান থেকে ১১০ রান করেন। ভারত নেয় ১৪০ রানের লিড। ভারত-পাকিস্তান প্রথম টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছিল।
এর পরের ওয়েস্ট ইন্ডিজ সফরেও অনুমিতভাবে দলে ছিলেন সোধান। ওই সিরিজে পোর্ট অব স্পেনের প্রথম টেস্টেই করেছিলেন ৪৫ ও ১১। চোটের কারণে পরের তিন টেস্টে জায়গা হয়নি, ফেরেন শেষ টেস্টে। তবে প্রথম ইনিংসেই আবার অসুস্থ হয়ে পড়ায় আর নামতে পারেননি। দ্বিতীয় ইনিংসে সিক বেড থেকে উঠে এসে ব্যাটিং করেন, অপরাজিত থাকেন ১৫ রানে। শেষ পর্যন্ত ওই ম্যাচটা বাঁচিয়ে ফেলে ভারত।
তবে সবচেয়ে দুর্বোধ্য রহস্য—ওই তিন টেস্টেই সোধানের ক্যারিয়ার শেষ হয়ে যায়। কোনো এক ব্যাখ্যাতীত কারণে আর ভারতের হয়ে খেলা হয়নি। রঞ্জি ট্রফিতে অবশ্য নিয়মিত খেলে গেছেন, গুজরাটের হয়ে শিরোপাও জিতেছেন।
রূপকথার সেসব গল্প সঙ্গে করে স্মৃতি হয়ে গেলেন সোধান। ক্রিকইনফো।