চলে গেলেন প্যাথেরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটার প্যাথেরিক
পিটার প্যাথেরিক

৩৩ বছর বয়সে বেশির ভাগ ক্রিকেটারের মাথায়ই থাকে অবসরের চিন্তা। অনেকে তো ছেড়ে দেন এর আগেই। কিন্তু পিটার প্যাথেরিকের প্রথম শ্রেণির অভিষেকই হয়েছিল তেত্রিশে। এক বছর পর টেস্ট অভিষেক, যাতে হ্যাটট্রিক করে ইতিহাসেই ঢুকে গিয়েছিলেন নিউজিল্যান্ডের অফ স্পিনার। গত পরশু সেই প্যাথেরিকের জীবনের ইনিংস শেষ হয়ে গেল। তাঁর বয়স হয়েছিল ৭২। দীর্ঘদিন হৃদ্রোগে ভোগা প্যাথেরিক শেষ সময়টা কাটিয়েছেন অস্ট্রেলিয়ার পার্থে।
১৯৭৬ সালে লাহোরে প্যাথেরিকের হ্যাটট্রিকের তিন শিকার ছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম রাজা ও ইন্তিখাব আলম। টেস্ট ক্রিকেটে এর আগে অভিষেকেই হ্যাটট্রিকের কৃতিত্ব ছিল শুধু ইংল্যান্ডের মরিস অ্যালমের। সেটি সেই ১৯৩০ সালে। নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকটিও প্যাথেরিকের। প্যাথেরিকের পর টেস্ট অভিষেকে হ্যাটট্রিক করেছেন শুধু অস্ট্রেলিয়ার ডেমিয়েন ফ্লেমিং। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে হ্যাটট্রিকও করেছেন শুধু আরেকজন—জেমস ফ্র্যাঙ্কলিন।
অমন একটা শুরুর পরও অবশ্য প্যাথেরিক টেস্ট খেলতে পেরেছেন মাত্র ৬টি। যাতে ৪২.৫৬ গড়ে উইকেট ১৬টি। ক্রিকেট ছাড়ার পর লন বোল খেলেও সফল প্যাথেরিক অংশ নিয়েছেন ২০০৬ সালে নিউজিল্যান্ডের জাতীয় চ্যাম্পিয়নশিপেও। ক্রিকইনফো।