চলে গেলেন ব্র্যাডম্যানের সঙ্গী

অনেকভাবেই পরিচয় করিয়ে দেওয়া যায় তাঁকে। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান, ১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যানের সেই ‘অজেয়’ অস্ট্রেলিয়া দলের ওপেনার কিংবা বিদায়ী ইনিংসে ব্র্যাডম্যান শূন্য রানে আউট হওয়ার সময় অন্য প্রান্তে থাকা ব্যাটসম্যান!
হ্যাঁ, ওই ইনিংসে এবং ওই সিরিজেও ডন ব্র্যাডম্যানকেও ছাপিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটা চিরকাল থেকে যাবে ব্র্যাডম্যানের সেই বিখ্যাত ‘শূন্যের’ আড়ালে! জরিপ করেই দেখুন না, ব্র্যাডম্যানের শূন্যটা যতজন জানেন, তাঁদের মধ্যে কজন ওই ইনিংসে আর্থার মরিসের ১৯৬ রানের কথা মনে করতে পারেন!
অনেক পরিচয়ের মধ্যে কয়েক বছর ধরে আরও একটা পরিচয় যোগ হয়েছিল আর্থার মরিসের নামের পাশে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার। সেটিকে পেছনে ফেলে ৯৩ বছর বয়সে কাল চলে গেলেন না-ফেরার দেশে। মরিসের চিরবিদায়ে ব্র্যাডম্যানের সেই অজেয় অস্ট্রেলিয়া দলের সবেধন নীলমণি হয়ে থেকে গেলেন ৮৬ বছর বয়সী নিল হার্ভি। অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার অবশ্য হার্ভি নন। ওই পরিচয়টা এখন ৮৯ বছর বয়সী লেন ম্যাডক্সের।
যাঁকে একা রেখে মরিস চলে গেছেন, সেই হার্ভি বন্ধু হারানোর শোকে মুহ্যমান, ‘ওর মতো ভালো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। দারুণ মানুষ ছিল, আর অসাধারণ রসবোধ। ও ছিল সেসব মানুষের একজন, যাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, সঙ্গটাও উপভোগ্য হয়।’
মরিসের রসবোধ সম্পর্কে ধারণা পাওয়ার মতো গল্প ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেকই। এর মধ্যে একটা একেবারে সাম্প্রতিক। গত সপ্তাহেই সিডনি ক্রিকেট মাঠে তাঁর সম্মানে ‘আর্থার মরিস গেট’ উদ্বোধন করা হলো। অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে থাকতে পারেননি মরিস, তাঁর হয়ে গিয়েছিলেন স্ত্রী জুডিথ। ফিরে এসে জুডিথ স্বামীকে জিজ্ঞেস করেছিলেন, ‘ওরা তোমার নামে গেট কেন বানাল?’ মরিস জবাব দিয়েছিলেন, ‘কারণ আমি ওপেনার ছিলাম!’
কেমন ওপেনার কিংবা ব্যাটসম্যান ছিলেন, সেটা বুঝতে শুধু পরিসংখ্যানই যথেষ্ট। সিডনি বার্নসের সঙ্গে তাঁর বিখ্যাত ওপেনিং জুটি একসঙ্গে ৯টি টেস্টে নেমেছে, প্রতি ৪.৩ ইনিংসে একটা সেঞ্চুরি জুটি। অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে যেটি সেরা। মরিসের জুটি অবশ্য সবচেয়ে বেশি জমত ব্র্যাডম্যানের সঙ্গেই। ১৩ বার একসঙ্গে ব্যাট করেছেন দুজন, গড় রান ১০৪.৪। এর মধ্যে ১৯৪৮ সালে হেডিংলিতে দুজনের ৩০১ রানের জুটিটির তো ক্রিকেট-রূপকথাতেই আলাদা জায়গা। জয়ের জন্য শেষ দিনে অস্ট্রেলিয়াকে করতে হতো ৪০৪ রান৷ মাত্র ৩ উইকেট হারিয়ে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্ব রেকর্ড করে ফেলেছিল অস্ট্রেলিয়া। ৩০১ রানের জুটিতে পাঁচ ঘণ্টারও কম সময়ে মরিস করেছিলেন ১৮২ রান। যা নিয়ে দুই বছর পর প্রকাশিত ফেয়ারওয়েল টু ক্রিকেট বইতে ব্র্যাডম্যান লিখেছিলেন, ‘এর চেয়ে মূল্যবান কোনো ইনিংস আর কেউ কখনো খেলেছে বলে মনে হয় না৷’
ও রকম একটা ইনিংস খেলার পর মরিস কী করেছিলেন, জানেন? ম্যাচ শেষেই সতীর্থ ইয়ান জনসনকে নিয়ে লন্ডনের ট্রেন ধরেছিলেন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন বলে। অচেনা কন্ডিশনে কত সহজে মানিয়ে নিতে পারতেন সেটার প্রমাণ আরও একটা পরিসংখ্যানে, দেশের মাটিতে মরিসের গড় যেখানে ৪১.১৮, দেশের বাইরে তা ৫৩.৭৮৷
ব্র্যাডম্যানের শেষ ইনিংসের কারণে ১৯৬ রান করেও আড়ালে থেকে যাওয়া নিয়ে কতবারই যে বলতে হয়েছে মরিসকে! ব্র্যাডম্যানে এমনই আপ্লুত ছিলেন যে, এ নিয়ে কোনো আক্ষেপই ছুঁতে পারেনি তাঁকে। গল্পচ্ছলে একবার বলেছিলেন, ‘ওই ম্যাচের অনেক বছর পরে একবার রেস্তোরাঁয় খেতে গিয়ে একটা ছেলের সঙ্গে আলাপ হলো, যে ক্রিকেট নিয়ে খুব বেশি কিছু জানে না। সে আমার সঙ্গে ব্র্যাডম্যানের শেষ ইনিংসে শূন্য নিয়ে গল্প করা শুরু করল। আমি তখন বললাম, “হ্যাঁ, আমিও সেখানে ছিলাম।” ছেলেটা বলল, “তাই! তুমি কী করছিলে?” আমি বললাম, “আমি ব্র্যাডম্যানের অন্য প্রান্তে ছিলাম।” সে বলল, “তুমি কি রান করতে পেরেছিলে?” আমি জবাব দিলাম, “হ্যাঁ, ১৯৬। রানআউট!” আসলে ডনের শূন্য রানে আউট হওয়াটাই বড় ব্যাপার ছিল। আমি ওই ম্যাচে ৪৫০ করলেও কেউ মনে রাখত না আমি খেলেছিলাম কি না।’
অবসরের পরও অনেক দিন কেউ মনে রাখেনি। চরম দারিদ্র্যের সঙ্গেও লড়তে হয়েছে। কিন্তু সেটা নিয়েও রসিকতা করে গেছেন অবলীলায়। একসময়ের সতীর্থ ও সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যালান ডেভিডসন স্মৃতিচারণা করলেন, ‘ওর রসবোধ ছিল অসাধারণ। একবার কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট তাকে কী দিয়েছে? সে জবাব দিয়েছিল, দারিদ্র্য!’
১৯৯৫ সালে আর্থার মরিসকে নিয়ে একটা বই লেখেন ক্রিকেট-লেখক জ্যাক ম্যাকহার্গ। যেটির ভূমিকাতে লেখা হয়েছিল, ‘খুব বেশি দিন আগের কথা নয়, যখন ইংল্যান্ডের ক্রিকেট মাঠগুলোতে দুটি গেট থাকত। একটাতে লেখা থাকত “জেন্টলম্যান”, অন্যটায় “প্লেয়ার্স”। আর্থার মরিস যেকোনো গেট দিয়েই ঢুকতে পারতেন, কেউ আপত্তি করত না।’
বইটার নাম দ্য এলিগ্যান্ট জিনিয়াস। আর্থার মরিসকে বোঝানোর জন্য বড় উপযুক্ত নামটা। সিডনি মর্নিং হেরাল্ড, ক্রিকইনফো, বিবিসি।
আর্থার মরিস
১৯২২–২০১৫
টেস্ট অভিষেক : ২৯ নভেম্বর, ১৯৪৬। বিপক্ষ ইংল্যান্ড
শেষ টেস্ট : ১১ জুন, ১৯৫৫। বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
ক্যারিয়ার
টেস্ট প্রথম শ্রেণি
ম্যাচ ৪৬ ১৬২
রান ৩৫৩৩ ১২৬১৪
ব্যাটিং গড় ৪৬.৪৮ ৫৩.৬৭
১০০/৫০ ১২/১২ ৪৬/৪৬
সর্বোচ্চ ২০৬ ২৯০
মরিস স্মরণে
অসাধারণ হুক করত, কাটও ভালো খেলত আর কাভার ড্রাইভ ছিল চোখজুড়ানো।
অ্যালান ডেভিডসন, মরিসের সতীর্থ ও সাবেক অস্ট্রেলিয়ান পেসার
ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি ও ভদ্রলোক চলে গেলেন। তাঁর স্ত্রী জুডিথ ও পরিবারের প্রতি সহমর্মিতা।
ড্যারেন লেম্যান, অস্ট্রেলিয়ার কোচ
যাঁদের সঙ্গে আমার পরিচয় ছিল, তিনি তাঁদের মধ্যে সেরা মানুষ ছিলেন। অসাধারণ ক্রিকেটার।
ডিন জোন্স, সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান
অস্ট্রেলিয়ার সেরা ওপেনারদের নিয়ে আলোচনা হলে তাঁর নামটাই সবার আগে আসবে।
ওয়ালি এডওয়ার্ডস, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান
ক্রিকেট থেকে আর্থার মরিস পেয়েছিলেন দারিদ্র্য। আর আমাদের দিয়ে গেছেন বিশাল ঐশ্বর্য!
গ্রেগ বাম, অস্ট্রেলিয়ান ক্রীড়া সাংবাদিক