চলে গেলেন ভারতের তিন টেস্টের বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্ত্রীক ভারতের হয়ে অভিষেকে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান দীপক সোধান। ছবিঃ ক্রিকইনফো।
সস্ত্রীক ভারতের হয়ে অভিষেকে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান দীপক সোধান। ছবিঃ ক্রিকইনফো।

পরিসংখ্যান বলবে এমন আহামরি কোনো ক্রিকেটার নন। ৩ টেস্টে ১৮১ রান-এ রকম রেকর্ড তো কত ক্রিকেটারেরই আছে। তবে দীপক সোধানকে ইতিহাস মনে রাখবে অন্য কারণে। ভারতের হয়ে অভিষেক টেস্ট ইনিংসে প্রথম সেঞ্চুরিটা তাঁরই। ১৯৫২ সালে ইডেন গার্ডেনে পাকিস্তানের ওই সঙ্গে ওই টেস্টের একমাত্র জীবিত সদস্য ছিলেন সোধানই। ছিলেন বলতে হচ্ছে, কারণ আজ ভোরে ৮৭ বছর বয়সে অন্যলোকে চলে গেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান।
ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন অনেক দিন থেকেই। শেষ পর্যন্ত সেই লড়াইয়েই আত্মসমর্পণ করলেন। আজ সকালেই তাঁর শেষকৃত্যানুষ্ঠান হয়ে যাওয়ার কথা।
ইডেন গার্ডেনের ওই টেস্টটা ভারতের ইতিহাসেই আলাদা জায়গা করে আছে। এর আগে ১৯৩৩ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পেয়েছিলেন লালা অমরনাথ, তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে। ভারতের হয়ে সেটিই ছিল প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৯ বছর পর সোধানের কীর্তিটা তাই অভিষেক ইনিংসে ভারতের হয়ে প্রথম তিন অঙ্ক ছোঁয়ার। কী অদ্ভুত, সিরিজের শেষ ওই টেস্টে সোধানের খেলার কথাই ছিল না। কিন্তু অধিনায়ক বিজয় হাজারে অসুস্থ হয়ে পড়ায় প্রথম একাদশে জায়গা হয়।

তবে সেঞ্চুরি যেভাবে পেয়েছিলেন, সেই গল্প আরও বেশি রোমাঞ্চকর। আট নম্বরে যখন নেমেছিলেন, ভারত ১৭৯ রানে ৬ উইকেট হারিয়ে কাঁপছে। সেখান থেকে সোধান করলেন ১১০ রান। ভারত নিল ১৪০ রানের লিড। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ড্র হয়েছিল।
গুজরাটের অখ্যাত এক ব্যাটসম্যানকে নিয়ে তখন তোলপাড়। ওই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুমিতভাবেই দলে জায়গা পান। ভারত থেকে ক্যারিবিয়ান পাড়ি দেওয়ার গল্পটা আরও রোমাঞ্চকর। বড় জাহাজ নয়, নৌকায় করেই বলতে গেলে প্রাণ হাতে নিয়ে ধুঁকতে ধুঁকতে পাড়ি দিয়েছিলেন দীর্ঘ সমুদ্রপথ।
ওই সফরে পোর্ট অব স্পেনের প্রথম টেস্টেই করেছিলেন ৪৫ ও ১১। চোটের কারণে পরের তিন টেস্টে জায়গা হয়নি, আবার ফিরেছিলেন শেষ টেস্টে। প্রথম ইনিংসেই আবার অসুস্থ হয়ে পড়ায় আর নামতে পড়েননি। দ্বিতীয় ইনিংসে সিক বেড থেকে উঠে এসে ১৫ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ওই ম্যাচটা বাঁচিয়ে ফেলে ভারত।
তবে সবচেয়ে দুর্বোধ্য রহস্য-ওই তিন টেস্টেই সোধানের ক্যারিয়ার শেষ হয়ে যায়। এর পর কোনো এক ব্যাখ্যাতীত কারণে আর ভারতের হয়ে খেলা হয়নি। রঞ্জি ট্রফিতে অবশ্য নিয়মিত খেলে গেছেন, গুজরাটের হয়ে শিরোপাও জিতেছেন।
রূপকথার সেই সব গল্প সঙ্গে করে আজ স্মৃতি হয়ে গেলেন সোধান।