চলে গেলেন মার্টিন ক্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুর সঙ্গে লড়াই করে হারলেন মার্টিন ক্রো। ছবি: এএফপি।
মৃত্যুর সঙ্গে লড়াই করে হারলেন মার্টিন ক্রো। ছবি: এএফপি।

ক্যানসারের সঙ্গে লড়াইটা তাঁর চলছিল অনেক দিন ধরেই। একটা সময় চিকিৎসায় বেশ ভালো ফলই পেয়েছিলেন। কিন্তু মরণব্যাধি তাঁর পিছু ছাড়েনি। দ্বিতীয় দফায় ক্যানসারের সঙ্গে লড়াই করে আর ‘নট আউট’ থাকতে পারলেন না নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। ক্রিকেট দুনিয়াকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নিলেন পরপারে।
আশি ও নব্বইয়ের দশকে তাঁকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই মনে করা হতো। নিজের অনন্য ব্যাটিংশৈলী দিয়েই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন নিজের এই পরিচয়। নিউজিল্যান্ডের হয়ে ৭৭টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলা ক্রো’র ক্রিকেটকে দেওয়ার ছিল আরও অনেক কিছুই। কিন্তু মাত্র ৫৩ বছর বয়সেই চলে গেলেন এই কিউই কিংবদন্তি।
লিম্ফোমায় আক্রান্ত ছিলেন তিনি। ২০১২ সালে চিকিৎসকেরা বলেছিলেন যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। ২০১৪ সালের শেষ দিকে লিম্ফোমা আবার ফিরে আসে তাঁর শরীরে। দ্বিতীয় দফায় এই ব্যাধি আর নিরাময়যোগ্য ছিল না।
অকল্যান্ডে নিজের বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় পরিবারের সব সদস্যের সান্নিধ্যেই ছিলেন তিনি।

টেস্ট ক্রিকেটে ৪৫.৩৬ গড়ে তাঁর রান ৫ হাজার ৪৪৪। এর মধ্যে শতক আছে ১৭ টি, অর্ধশতক ১৮ টি। ১৯৯১ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯৯ রানই তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ সংগ্রহ।
১৪৩টি ওয়ানডে খেলে তাঁর রান ৪ হাজার ৭০৪। গড় ৩৮.৫৫। ৪টি শতক আর ৩৪টি অর্ধশতক সমৃদ্ধ তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা ১৯৯২ সালের বিশ্বকাপ। নয় ম্যাচে ৪৫৬ রান করে সে বিশ্বকাপে তিনি হয়েছিলেন সেরা খেলোয়াড়। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে।
হাঁটুর চোটে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে অবসরে যান নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এর পর থেকেই জড়িয়ে ছিলেন ক্রিকেট বিষয়ক লেখালেখি ও টেলিভিশন ধারাভাষ্যে।
অবসরের পর দীর্ঘ দিন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট সংগ্রহ, সর্বাধিক টেস্ট রান, সবচেয়ে বেশি অর্ধশতক ও শতরানের রেকর্ড তাঁর অধিকারেই ছিল। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডটা এখনো তাঁরই। সূত্র: এএফপি।