চলে গেলেন মার্টিন ক্রো


হাঁটুর চোটের কাছে হার মেনে ২২ গজের জীবনটা শেষ হয়ে গিয়েছিল মাত্র ৩৩ বছর বয়সেই। কে জানত, ১৬ বছর পর আরেকটি আততায়ীর ছায়া নেমে আসবে জীবনের ২২ গজে! চার বছর ধরে ক্যানসার নামের সেই মরণব্যাধির সঙ্গে লড়েছেন। অবশেষে কাল হার মানলেন মার্টিন ক্রো, মাত্র ৫৩ বছর বয়সেই অন্যলোকে পাড়ি জমালেন নিউজিল্যান্ডের কিংবদন্তি।
এই যুগে এসে ‘কিংবদন্তি’ শব্দটা অতি ব্যবহারে হয়তো একটু ক্লিশেই হয়ে গেছে। তবে ক্রোর জন্য সেটাও বোধ হয় একটু কম হয়ে যায়। যখন খেলা ছেড়েছেন, নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান, সর্বোচ্চ ইনিংস, সবচেয়ে বেশি ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড তাঁরই ছিল। এর মধ্যে শেষের রেকর্ডটিতে এখনো রয়েছে তাঁরই অধিকার। তবে শুধু পরিসংখ্যান দিয়ে ক্রোকে আসলে বোঝা যাবে না। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে তো বটেই, পরে ধারাভাষ্যকার-লেখক-দীক্ষাগুরুর ভূমিকাতেও ক্রো ছিলেন সমান সপ্রতিভ।
শুধু ব্যাটিংয়ের কথা ধরলেও সংখ্যার সাধ্য কি ক্রোর মাহাত্ম্য ধারণ করে? ৭৭ টেস্টে ৪৫.৩৬ গড়ে ৫৪৪৪ রান এমনিতে দারুণই। কিন্তু ক্রোর আসল সৌন্দর্য বাঙ্ময় হয়ে আছে তাঁর দুর্দান্ত পুল শটে, চাবুকের মতো নেমে আসা কাটে। ওয়াসিম আকরাম তো এমনি এমনি বলেননি, ‘আমি যাদের বিপক্ষে বল করেছি তাদের মধ্যে সে-ই সেরা ব্যাটসম্যান।’
তবে একটা টুর্নামেন্ট দিয়ে যদি ক্রো নিজেকে চিনিয়ে থাকেন, সেটা সেই ১৯৯২ বিশ্বকাপ। ব্যাটসম্যান হিসেবে সেবার নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। তবে আসল বিপ্লবটা ঘটিয়েছিলেন অধিনায়কত্বে, উদ্ভাবনী চিন্তায়। মার্ক গ্রেটব্যাচকে ওপেনিংয়ে পাঠিয়ে ‘পিঞ্চ হিটিং’ ধারণাটার বীজ বুনে দিয়েছিলেন প্রথমে। পরে যেটি হয়ে যায় ওয়ানডে ক্রিকেটের অপরিহার্য অনুষঙ্গ। অফ স্পিনার দীপক প্যাটেলকে দিয়ে বোলিং শুরু করানোটাও ছিল বিস্ময়কর। ফিল্ডিং সাজানো, বোলার রদবদল—ক্রোর সবকিছুতেই ছিল ক্ষুরধার ক্রিকেট-মস্তিষ্কের প্রমাণ। শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হেরে নিউজিল্যান্ডের ওই বিস্ময়যাত্রা সেমিফাইনালেই থেমে গিয়েছিল। তবে সিরিজ-সেরার পুরস্কারটা উঠেছিল তাঁর হাতেই।
খেলা ছাড়ার পর ধারাভাষ্য দিতে গিয়েও ক্রোর মাথায় এসেছে নিত্যনতুন উদ্ভাবনী চিন্তা। সেই ১৯৯৫ সালে স্কাইয়ের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ মাথায় এল, ওয়ানডের চেয়েও সংক্ষিপ্ত একটা সংস্করণ করলে কেমন হয়? ক্রিকেট ম্যাক্স এল সেই চিন্তা থেকেই, এই যুগে এসে যেটি হয়ে গেছে ২০ ওভারের ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেটকে তাই মার্টিন ক্রোর মস্তিষ্কপ্রসূত বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না।
২২ গজের কভার ড্রাইভের মতো ক্রোর লেখাও যেন ছিল মায়াময়। ইএসপিএনক্রিকইনফোর হয়ে নিয়মিতই লিখে গেছেন। তবে তার চেয়েও বেশি প্রভাব হয়তো রেখেছেন দীক্ষাগুরুর ভূমিকায়। তাই তো মার্টিন গাপটিল ও রস টেলরকে একটু বেশিই মুহ্যমান লাগছে ক্রোর অকালপ্রয়াণে। ২০১৪ সালে গাপটিলের টেকনিকের বেশ কিছু সমস্যা নিয়ে কাজ করেছিলেন, তার বছর খানেক আগে ফর্ম হারিয়ে ফেরা টেলরকে ক্রো দেখিয়েছিলেন আলোর দিশা।
ক্রোর নিজের অবশ্য পথ দেখানোর মানুষের অভাব ছিল না! বাবা ডেভ ছিলেন ক্রিকেট কোচ। ছোটবেলা থেকেই ছোট্ট মার্টিনের কানে মন্ত্র জপে দিয়েছিলেন, ‘তোমাকে একদিন বড় ক্রিকেটার হতে হবে।’ ভাই জেফ ক্রোর ছায়ায় অনেকটা সময় ঢাকা পড়ে ছিলেন, পরে নিজের আলোতেই আলোকিত হয়েছেন। ঢাকায় চলমান এশিয়া কাপে আইসিসির ম্যাচ রেফারি হয়ে এসেছেন জেফ ক্রো। কাল ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে জেফ নিশ্চয় বিষণ্ন এক ডুবসাঁতার দিয়েছেন স্মৃতির নদীতে, যেখানে দুই ভাই নিউজিল্যান্ড দলে খেলেছেন একসঙ্গে।
তবে সবকিছু ছাপিয়ে ক্রো হয়ে উঠেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতীক। গত বিশ্বকাপের সময় ঠাঁই পান আইসিসির হল অব ফেমে। ক্যানসার তখন চুল কেড়ে নিয়েছে, তারপরও মুখে ছিল অনিন্দ্যসুন্দর জ্যোতি। ক্রিকেটকেই করেছিলেন জীবনের ধ্রুবতারা। নিজেই একসময় বলেছিলেন, ‘শুধু ক্রিকেট বল খেলার আগেই আমি জীবনের অর্থ খুঁজে পেতাম।’
ক্রো কি এখন অন্যলোকের ২২ গজে দুদণ্ড শান্তি খুঁজে পান? এএফপি, ক্রিকইনফো।
ক্রোর শ্রদ্ধাঞ্জলি
মার্টিন ক্রোর অকালপ্রয়াণে ক্রিকেটের পৃথিবীটা এখন শোকাচ্ছন্ন। ইমরান, বোথাম থেকে শুরু করে টেন্ডুলকার, সাঙ্গাকারাদের অনেকেই টুইটার-ফেসবুকে স্মরণ করেছেন প্রয়াত নিউজিল্যান্ড ক্রিকেটারকেমার্টিন ক্রোর মৃত্যুতে আমি খুবই দুঃখিত—আমার দেখা নিউজিল্যান্ডের সেরা
অধিনায়ক ইমরান খানটেকনিক্যালি তিনি ছিলেন দুর্দান্ত। ক্রিজে তাঁর উপস্থিতিটাই ছিল অন্য রকম। এর সঙ্গে ক্রিকেট-মস্তিষ্ক যোগ করলে দারুণ একটা প্যাকেজ। ফর্মুলাটা সহজ, কিন্তু ক্রো সেটা খুব অনায়াসেই করে দেখিয়েছিলেন
অ্যালান বোর্ডারঘুম থেকেই উঠেই দুঃখজনক খবরটা শুনলাম। খেলাটার সেরাদের একজন ছিলেন
ইয়ান বোথামতাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা। সত্যিকারের একজন যোদ্ধা ছিলেন
শচীন টেন্ডুলকারখুবই খারাপ লাগছে। শুধু আমার জন্য নয়, আমাদের সবার জন্যই তিনি ছিলেন অনুপ্রেরণা। সত্যিকারের একজন গ্রেট তিনি
স্টিভেন ফ্লেমিংদুর্দান্ত ক্রিকেট-মস্তিষ্ক ছিল তাঁর। মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ
অনিল কুম্বলেআমার চ্যাম্পিয়ন, আমার নায়ক, আমার বন্ধু। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। বিদায় বন্ধু!
রাসেল ক্রো
অস্কারজয়ী অভিনেতা ও চাচাতো ভাই