
তাঁকে আউট করা ছিল বোলারদের জন্য কঠিনতম পরীক্ষা। ব্রিজটাউন টেস্টে সেই ৯৭০ মিনিট টানা ব্যাটিংয়ের রেকর্ড ৫৮ বছরেও ভাঙতে পারেননি কেউ। কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ৪৯৯ রানের ইনিংস? সেই হানিফ মোহাম্মদ জীবনের ইনিংসে আর নটআউট থাকতে পারলেন না। কেউ পারেও না শেষ পর্যন্ত। তবে তিনিই ক্রিকেটের আসল লিটল মাস্টার বলে ক্যানসার নামের সেই মরণঘাতী ‘বোলারটা’কেও নিখুঁত রক্ষণে খেলেছেন টানা তিন বছর। কিন্তু আর পারলেন না।
কাল অনেককেই চমকে দিয়ে ৬ মিনিট হৃৎস্পন্দন বন্ধ থাকার পর আবারও বেঁচে ফিরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কার্ডিও মনিটরে রেখাটি স্থির হয়ে গেল। ৮১ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানের এই সাবেক ব্যাটসম্যান।
প্রথম দফায় অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন বলে সে সময় চিকিৎসকদের ভুল বার্তায় আগেই মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে আরও কিছুক্ষণ কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নিয়ে বেঁচে থাকার পর আর পারলেন না হানিফ। কয়েক ঘণ্টা পর নিশ্চিত করা হয়েছে, করাচির একটি হাসপাতালে মারা গেছেন ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ পরিবারের সবচেয়ে বিখ্যাতজন। যে পরিবার থেকেই টেস্ট খেলেছেন পাঁচজন।
শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে করাচির আগা খান হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিছুদিন আগে। ফুসফুসের ক্যানসারের সমস্যাটি অবশ্য অনেক পুরোনো। ২০১৩ সালে এই ক্যানসার ধরা পড়ার পর লন্ডনে চিকিৎসাও নিতে হয়েছিল।
১৯৩৪ সালে ভারতের জুনাগড়ে জন্ম হানিফ মোহাম্মদের। দেশ ভাগের সময় চলে যান পাকিস্তানে। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট খেলেছেন, ৪৩.৯৮ গড়ে ১২টি সেঞ্চুরিসহ করেছেন ৩৯১৫ রান। এর মধ্যে আছে পাকিস্তানের প্রথম টেস্টটিও, ১৯৫২ সালে নাড়িপোঁতা ভারতের বিপক্ষেই অভিষেক হয় তাঁর। পাকিস্তানের সেই দলের এখন শুধু দুজন জীবিত আছেন—ইমতিয়াজ আহমেদ ও ওয়াকার হাসান।
হানিফের পাঁচ ভাইয়ের চারজনই টেস্ট খেলেছেন। পঞ্চমজন রইস একবার দ্বাদশ খেলোয়াড়ও ছিলেন। মোহাম্মদ ভাইদের কেউ না কেউ পাকিস্তানের প্রথম ১০১ টেস্টের প্রতিটিতেই ছিলেন। হানিফের ছেলে শোয়েবও পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৫ টেস্ট।
পাকিস্তানের ক্রিকেট যখন হাঁটি হাঁটি পা করছে, সে সময়ই শক্ত হাতে হাল ধরেছেন। দলের বাকিদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন আত্মবিশ্বাস—আমরাও পারি। এর মধ্যে বিখ্যাত হয়ে আছে ১৯৫৮ সালের সেই ব্রিজটাউন টেস্ট। ফলোঅন করতে নামা পাকিস্তানকে হানিফ বাঁচিয়ে দিয়েছিলেন অবিশ্বাস্য দৃঢ়তায়। প্রায় ১৬ ঘণ্টা ব্যাটিং করেছিলেন তিনি সেই ইনিংসে। ঘরের মাঠের বাইরে করা ট্রিপল সেঞ্চুরির মধ্যে এটি এখনো সর্বোচ্চ রানের ইনিংস। এটিই এখনো একমাত্র ট্রিপল সেঞ্চুরি, যেটি খেলা হয়েছিল দলের দ্বিতীয় ইনিংসে।
হানিফের আরেকটি বিখ্যাত কীর্তি হয়ে আছে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯৯ রানের সেই ইনিংসটি। ১৯৫৯ সালে করাচির হয়ে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের ইনিংস খেলার দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয়ে যান রানআউট। পরে ব্রায়ান লারা সেই রেকর্ড ভেঙে করেছিলেন অপরাজিত ৫০১।
তবে এসব রেকর্ড দিয়ে তো হানিফকে বোঝা যাবে না। পাকিস্তানের প্রথম ব্যাটিং গ্রেটের মৃত্যুতে ওয়াসিম আকরামের কথাটাই বলে দিচ্ছে অনেক কিছু, ‘ক্যারিয়ারের শুরুতে আমাকে সাহায্য করেছিলেন, আরও অনেক তরুণকেও। পাকিস্তানের ক্রিকেটের পথিকৃৎ ছিলেন, বড় একটা শূন্যতা রেখে গেলেন।’ তথ্যসূত্র: এএফপি।