চলে যাচ্ছেন গামাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা আগামী আগস্টে। কিন্তু বিসিবি চুক্তি বাড়াবে না। আপাতত মেয়েদের আন্তর্জাতিক কোনো খেলাও নেই। পদত্যাগপত্র দিয়ে আজই তাই বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন মেয়েদের ক্রিকেট দলের কোচ চাম্পিকা গামাগি। তাঁর পরবর্তী গন্তব্য থাইল্যান্ড। সে দেশের মহিলা দলের দায়িত্ব নিচ্ছেন এই শ্রীলঙ্কান কোচ।

যাওয়ার আগে বাংলাদেশের নারী ক্রিকেটারদের শুভকামনাই জানিয়েছেন একসময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা সাবেক এই ক্রিকেটার। ‘এই দলে অনেক প্রতিভা আছে। সে জন্যই তারা এত দূর এসেছে এবং তাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। কিছু কিছু জায়গায় সমস্যা থাকলেও সেসবের সমাধান করতে পারলে বাংলাদেশের নারী ক্রিকেট আরও এগিয়ে যাবে’—কাল বিসিবি কার্যালয়ে দাঁড়িয়ে বলছিলেন গামাগি।

ঢাকায় নিজের শেষ দিনে বাংলাদেশের মহিলা ক্রিকেটের উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন তিনি, ‘অন্য দলগুলো সারা বছর অনুশীলন করে। কিন্তু এখানে মেয়েরা সেই সুযোগ পায় না। অনুশীলনের সুবিধার সঙ্গে কোচিং স্টাফও আরও বাড়ানো উচিত।’

মেয়েদের নতুন কোচ এখনো চূড়ান্ত না হলেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল জানিয়েছেন, মহিলা উইং কয়েকজন বিদেশি কোচের ব্যাপারে খোঁজখবর করছে। এর আগে অবশ্য উইং-প্রধান এম এ আউয়াল চৌধুরী স্থানীয় কোচদের ব্যাপারেও আগ্রহ দেখিয়েছিলেন।

জাহানারা-সালমারা বর্তমানে ব্যস্ত প্রিমিয়ার লিগ নিয়ে। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ের আগ পর্যন্ত আন্তর্জাতিক কোনো খেলা নেই বাংলাদেশের মেয়েদের। অবশ্য আয়ারল্যান্ড বোর্ডের সঙ্গে চলমান আলোচনা ফলপ্রসূ হলে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে আইরিশ মেয়েদের সঙ্গে সিরিজ খেলার সম্ভাবনা আছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা মহিলা দলেও বকেয়া সিরিজ খেলতে আসার কথা এ বছরের শেষ দিকে।