চল্লিশেই চালশে নয়

অফ স্টাম্পের বাইরে অ্যান্ডারসনের বলটা ছেড়ে দিলেও পারতেন। কিন্তু মিসবাহ-উল-হক চাইলেন শট খেলতে। তাতেই বিপত্তি। বাইরের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ক্যাচ জো রুটের হাতে। আরও একটা সেঞ্চুরির স্বপ্ন বিসর্জন দিয়ে মিসবাহ ফিরে গেলেন ৭১ রানে।
সেঞ্চুরি হলে মিসবাহর ব্যতিক্রমী ক্যারিয়ারের চল্লিশ-উত্তর অধ্যায়টি আরেকটু ঔজ্জ্বল্য পেত। বয়স ৪০ পেরোনোর পর টেস্টে ৫টি বা এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু কিংবদন্তি জ্যাক হবসের। ৪০ পেরোনোর পর ২৭ টেস্ট খেলে হবস করেছেন ৮টি সেঞ্চুরি। মিসবাহর সেঞ্চুরি ৪টি। সেঞ্চুরির হিসাবে হবস আর মিসবাহর মাঝে আর কেউই নেই।
গত টেস্টেই আরও একটা মাইলফলক পেরিয়ে গেছেন মিসবাহ। গড়েছেন বয়স ৪০ পেরোনোর পর টেস্টে এক হাজার রান করার চতুর্থ কীর্তি। বয়স যে মিসবাহর কাছে শুধুই একটা সংখ্যা, সেটার প্রমাণ আরও একটা পরিসংখ্যানে। ক্যারিয়ার গড় যেখানে ৪৯.০২, চল্লিশ পেরোনোর পর সেটি ৪৯.৮১। এমনি এমনি তো আর তাঁকে আরও বছর খানেক খেলে যাওয়ার জন্য কাকুতি-মিনতি করছে না পাকিস্তান।
মিসবাহ যে তালিকায় চতুর্থ, খুব স্বাভাবিকভাবেই সেই তালিকায় সবার ওপরের নামটাও জ্যাক হবসের। অনেকের চোখেই যিনি ক্রিকেট ইতিহাসের প্রথম পরিপূর্ণ ব্যাটসম্যান, সর্বকালের সেরা ওপেনারও। ৬১ টেস্টের ক্যারিয়ারে ১৫টি সেঞ্চুরিসহ ৫৪১০ রান। অবশ্য এই পরিসংখ্যানে লেখা নেই যে, ক্যারিয়ারের চূড়ান্ত ফর্মে থাকা অবস্থায় প্রথম বিশ্বযুদ্ধের জন্য প্রায় পাঁচ বছর মাঠের বাইরে ছিলেন হবস।
হবসের পেছনে ও মিসবাহর সামনে আছেন হবসের মতোই আরও দুই ইংলিশ—প্যাটসি হেনড্রেন ও টম গ্র্যাভেনি। এঁদের মধ্যে হেনড্রেন তো হবসেরই সমসাময়িক। দুজন একসঙ্গে খেলেছেন ২৭টি টেস্টে। গ্র্যাভেনি আরও কয়েক দশক পরের। ওয়ানডের আবির্ভাবের পর গত কয়েক দশকে ফিটনেস নিয়ে খেলোয়াড়েরা আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন। আধুনিক সুযোগ-সুবিধাও বেড়েছে অনেক। অথচ বিস্ময়কর হলো, বয়স ৪০ পেরোনোর পর টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন, এমন খেলোয়াড়দের তালিকায় সেরা দশের মধ্যেও মিসবাহর সমসাময়িক কেউই নেই। সেরা বিশে আছেন শিবনারায়ণ চন্দরপল (৮ টেস্টে ৪১.১৮ গড়ে ৪৫৩ রান)। কিন্তু মিসবাহর সঙ্গে তাঁর রান আর গড়ের ব্যবধানটাই দুজনের ফর্মের পার্থক্য বুঝিয়ে দিতে যথেষ্ট। তথ্যসূত্র: ক্রিকইনফো।
৪০ পেরিয়ে টেস্টে হাজারের বেশি রান
সময়কাল ম্যাচ ইনিংস রান গড় ১০০/৫০
জ্যাক হবস (ইংল্যান্ড) ১৯২৪-১৯৩০ ২৭ ৪৩ ২৪৪০ ৫৮.০৯ ৮/১১
প্যাটসি হেনড্রেন (ইংল্যান্ড) ১৯২৯-১৯৩৫ ২৪ ৪২ ১৯০১ ৫০.০২ ৩/১২
টম গ্র্যাভেনি (ইংল্যান্ড) ১৯৬৭-১৯৬৯ ১৯ ২৯ ১২৪৩ ৪৪.৩৯ ৩/৬
মিসবাহ-উল-হক (পাকিস্তান) ২০১৪-২০১৫* ১৫ ২৫ ১০৯৬ ৪৯.৮১ ৪/৭
* অসমাপ্ত