শুরুটা ভালোই হয়েছিল। ররি বার্নস আর জ্যাক ক্রলির উদ্বোধনী জুটিতে এসেছিল ৬৮ রান। হোবার্ট টেস্টে জিততে হলে আড়াই দিনে ২৭১ রানের লক্ষ্যে এমন শুরুই দরকার ছিল। মনে হচ্ছিল, এবারের অ্যাশেজে অন্তত একটি টেস্টে জয়ের পথে হাঁটছে ইংল্যান্ড। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই শেষ ইংলিশরা। নির্দিষ্ট করে বললে চা বিরতির পর। তৃতীয় দিনের শেষ সেশনে ৯ উইকেট হারিয়ে হোবার্ট টেস্ট ১৪৬ রানে হেরেছে জো রুটের দল। এতে ইংল্যান্ড অ্যাশেজ সিরিজ হারল ৪–০ ব্যবধানে। প্রথম তিন টেস্টে টানা হারের পর সিডনি টেস্ট ড্র করতে পেরেছিল ইংল্যান্ড।
বার্নস আর ক্রলির উদ্বোধনী জুটির পর ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ অতিরিক্ত থেকে আসা ১৩ রান। এরপর জো রুট আর মার্ক উড করেছেন ১১ রান করে। প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড আর ক্যামেরন গ্রিনের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি কেউ। তিন বোলারই নিয়েছেন ৩টি করে উইকেট। বাকি উইকেট মিচেল স্টার্কের।
এবারের অ্যাশেজ আলাদা করে মনে রাখবে অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। সিরিজে তিনি ব্যাট হাতে ৩২.৫৭ গড়ে রান করেছেন ২২৮; ১৫.৭৬ গড়ে উইকেট নিয়েছেন ১৩টি। অতীতে কোনো অস্ট্রেলীয় অলরাউন্ডার এত বেশি গড়ে এত রান ও এত কম গড়ে এত বেশি উইকেট নিতে পারেননি।
ওদিকে এই সফর শেষ করে হাঁপ ছেড়েই বাঁচবে ইংল্যান্ড। গোটা সিরিজে নিজেদের পক্ষে খুব বেশি কিছু নিতে পারেনি ইংলিশরা। হোবার্টে বড় হারের পর সেটি স্বীকারও করেছেন অধিনায়ক জো রুট, ‘খুব কঠিন একটা সফর কাটল আমাদের। কিছু অংশে ভালো ক্রিকেট খেলেছি আমরা। কিন্তু সেটি দিয়ে গোটা একটা ম্যাচ নিজেদের করে নেওয়া সম্ভব হয়নি কখনোই। এটা আমাদের জন্য খুব বড় একটা শিক্ষণীয় ব্যাপার। আমাদের সচেষ্ট থাকতে হবে, যেন একই ভুল আমরা ভবিষ্যতে আর না করি। বলার অপেক্ষা রাখে না, স্কোরবোর্ডে আরও বেশি রান দরকার ছিল। এই সিরিজে কখনোই আমরা আমাদের বোলারদের লড়াই করার মতো রসদ দিতে পারিনি। এই সিরিজে আমরা প্রতিটি জায়গায় বিপুল ব্যবধানে হেরেছি।’