সকালের সূর্য দেখলে নাকি দিনের পূর্বাভাষ মেলে। ক্রিকেটে ওপেনিং জুটি ইনিংসের গতিপথ ঠিক করে দিতে পারে? সব সময় নয় হয়তো, তবে আমির সোহেলের চোখে এবারের বিশ্বকাপে ওপেনিং জুটির ওপর নির্ভর করছে অনেক কিছু।
বিশ্বকাপজয়ী সাবেক পাকিস্তানি ওপেনারের পছন্দ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি। সঙ্গে এও বলতে ভোলেননি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে ওপেনারদের কাজটা কঠিনই, ‘সুরের প্রথম লয়টা তোলার দায়িত্ব ওপেনারদের। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দ্রুতগতির আর বাউন্সি উইকেটে এটা কঠিন। তার ওপর নতুন নিয়মে দুটি নতুন বলে খেলতে হবে। ব্যাটসম্যানদের জন্য কাজটা চ্যালেঞ্জই বলব।’
যেমনটা বলা হচ্ছে উপমহাদেশের দলগুলোর সেমিফাইনালে ওঠা সহজ নয়, এর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আমির সোহেলও। তাঁর দাবি, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের বড় দাবিদার। চতুর্থ দলটা ইংল্যান্ড হতে পারে। কন্ডিশন, বোলিং আক্রমণ, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় উপমহাদেশের দলগুলোর শেষ চারে যাওয়া বেশ কঠিন। ভারত উঠতে পারে সেমিতে, তবে তাদের বোলারদের ফর্মে ফেরা জরুরি।’
ভারত-পাকিস্তান ম্যাচ কে জিতবে? পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক স্বাভাবিকভাবেই বাজি রাখছেন নিজ দেশের পক্ষে, ‘পাকিস্তানের হারানোর কিছু নেই। ভারতই বরং বেশি চাপে থাকবে। অতীতের রেকর্ড নতুন ম্যাচে প্রভাব ফেলে না।’ পিটিআই।