চাই লড়াই করার প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

টেস্ট সিরিজে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি ম্যাচটা জিতে। বাংলাদেশ দলের মধ্যে তাই বাড়তি আত্মবিশ্বাস দেখতে চাইবেন অনেকে। খেলোয়াড়েরা হয়তো আত্মবিশ্বাসী থাকবেও। কিন্তু ওয়ানডে বা টি-টোয়েন্টি থেকে টেস্ট সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলা। এখানে পাঁচ দিন ধরে তারা যেমন আমাদের পরীক্ষা নেবে, আমাদেরও তেমনি তাদের পরীক্ষা নিতে হবে।
পাকিস্তানের টেস্ট দল আমাদের চেয়ে অনেক দিক দিয়েই এগিয়ে। ওদের বোলিং আক্রমণ বরাবরই ভালো। মিসবাহ-উল-হক, ইউনিস খান তো টেস্টের জন্যই বিশেষজ্ঞ খেলোয়াড়। নতুনদেরও এত দিনে মানিয়ে নেওয়ার কথা। তা ছাড়া ওয়ানডে আর টি-টোয়েন্টিতে আমাদের কাছে হেরেছে বলেই ওরা খারাপ দল হয়ে যায়নি। আমি আগেও বলেছি, টেস্টে পাকিস্তানের সঙ্গে ড্র করাটাও হবে আমাদের জন্য বড় অর্জন। তবে খেলোয়াড়দের আমি ইতিবাচক থেকেই খেলার জন্য বলব। ভালো খেললে জয় তো আসতেই পারে।
খুলনার উইকেট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই। তবে জিম্বাবুয়ে সিরিজে যে রকম ছিল, সে রকম হলে সমস্যা। দিন যত যায় উইকেট ব্যাটসম্যানদের জন্য ততই ভালো হতে থাকে। স্পোর্টিং উইকেট হলে স্পিনার-পেসার সবারই সমান দায়িত্ব নিয়ে বল করতে হবে।
টেস্ট স্কোয়াডে এবার নতুন খেলোয়াড় তিনজন। আমি মনে করি সবারই চিন্তা থাকা উচিত জাতীয় দলে লম্বা সময় ধরে খেলা। ১০-১২ বছরের পরিকল্পনা নিয়ে জাতীয় দলে খেলা শুরু করা উচিত ওদের। সৌম্য তো ওয়ানডেতে খুবই ভালো শুরু করেছে। আশা করি, লিটন আর শহীদও সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে পারবে।
ফারুক ভাইয়ের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও এখন আস্তে আস্তে সেভাবেই ভাবতে শুরু করেছেন, যেটা আমাদের ক্রিকেটের জন্য খুবই ভালো লক্ষণ। আকরাম ভাই প্রধান নির্বাচক থাকার সময়ও অবশ্য শুনেছি এ রকম চিন্তার কথা। তাঁরা এমন একটা টেস্ট দল দাঁড় করাতে চান যেটা একসঙ্গে অনেক দিন ধরে খেলবে, খেলোয়াড়েরা একসঙ্গে অভিজ্ঞ হয়ে উঠবে। তাদের মধ্যে বোঝাপড়া ভালো হবে।
তবে পুরোনো কথাটা আবারও বলি—উন্নতির পথটা কখনোই মসৃণ হবে না যদি না আমরা টেস্ট ক্রিকেট বা দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার সংখ্যা না বাড়াই। বছরে ২-৪টি টেস্ট ম্যাচ খেলে আর যাই হোক খেলায় উন্নতি আনা কঠিন। ঘরোয়া দীর্ঘ পরিসরের ক্রিকেটেও জাতীয় দলের খেলোয়াড়েরা খুব একটা খেলার সুযোগ পায় না। আমি তো মনে করি জাতীয় দলের খেলোয়াড়দের অন্তত বছরে ৫-৬টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত। বিসিবিও নিশ্চয়ই অদূর ভবিষ্যতে সে রকম উদ্যোগই নেবে।
তবে আপাতত পাকিস্তান সিরিজের দিকেই আমাদের চোখ। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে তাদের আমরা যেভাবে হারিয়েছি, তাতে টেস্টেও বাংলাদেশ দল ভালো কিছু করবে, এমন আশা প্রায় সবার। তবে এই আশাটা করার আগে সবাইকে আবারও একটু মনে করিয়ে দিতে চাই, টেস্ট আর ওয়ানডে কিন্তু এক নয়। পাঁচ দিনের এই ক্রিকেটে এখনো আমাদের চেয়ে ভালো দল পাকিস্তান। কাজেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার সংকল্পটা আপাতত মনের কোণেই থাকুক। ওপরে থাকুক লড়াই করার প্রতিজ্ঞা।