চাইলে খেলতেও পারবেন সাকিব

সবার আগে তাঁর নামটা লিখেই দল গড়তে হয় নির্বাচকদের। চোটের কারণে তিনি না থাকলে অবশ্য অন্য কথা। কিন্তু এমনিতে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাও করা যায় না। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবকে ছাড়াই টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট থেকে ছয় মাসের বিশ্রাম চাওয়া সাকিব আল হাসানকে দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, বিশ্বসেরা অলরাউন্ডার যদি তাঁর সিদ্ধান্ত বদলান, সে দুয়ারও খোলা রাখছে বিসিবি। চাইলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সাকিব।
টানা ক্রিকেট খেলার ক্লান্তি ঘোচাতে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়েছিলেন সাকিব। পরশু আনুষ্ঠানিকভাবে বোর্ডকে এ বিষয়ে চিঠিও দেন। সেই অনুরোধ রেখেই আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত বিসিবির। কাল দুপুরে মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘চিঠিতে ও বলেছে, মানসিক ও শারীরিকভাবে খুব ক্লান্ত। এটা তো সত্যি, ও অনেক বেশি ক্রিকেট খেলছে। সে কারণে একটু বিশ্রাম চেয়েছে। আমরা অনেক আলাপ-আলোচনা করেছি। আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টে ওকে রাখছি না। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ও যদি খেলতে চায় আমরা তাকে নেব। যদি সে চিন্তাভাবনা বদলায়, সে কারণে একটি বিকল্প উপায় আমরা রেখেছি। তবে সে আপাতত টেস্ট দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে না।’
টেস্ট ক্রিকেটে এ মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। এ বছর ৭ টেস্টে ৬৬৫ রান করেছেন ৪৭.৫০ গড়ে। বল হাতেও নিয়েছেন ২৯ উইকেট। ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ সিরিজে দুই টেস্টে পরপর দুই ইনিংসে নিয়েছিলেন ৫ ও ৬ উইকেট। এরপরও এই সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছে বিসিবি, এমন প্রশ্নে আকরামের ব্যাখ্যা, ‘সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একই সঙ্গে ওর অবস্থাও দেখতে হবে। সে মানসিক ও শারীরিকভাবে কী অবস্থায় আছে, সেটা আমাদের দেখতে হবে। আমরা চাই না বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হোক বা মাশরাফির মতো সে চোটে পড়ুক।’
সাকিব যেহেতু এই সময় ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন, তাহলে কি ধরে নেওয়া যায় বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তাঁর অনীহা তৈরি হয়েছে? আকরাম তা মনে করেন না, ‘টেস্টে তার পারফরম্যান্স খুবই ভালো। মনে হয় না টেস্ট ক্রিকেট থেকে তার মন উঠে গেছে।’
আকরামের পর কাল সন্ধ্যায় দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকেও প্রায় পুরোটা সময়ই সাকিবকে নিয়ে কথা বলতে হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া দল গড়াটা মিনহাজুলের কাছে খুবই কঠিনই মনে হয়েছে, ‘দল নির্বাচন করার সময় তো ওর নামটাই তো সবার আগে লিখতে হয়। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার আমাদের দলে আছে, এটা বিশাল ব্যাপার। কিন্তু ওর মানসিক ব্যাপারটাও ভাবতে হবে। আমি যেহেতু খেলোয়াড় ছিলাম, আমি জানি মানসিকভাবে শতভাগ ফিট না থাকলে পারফরম্যান্স শতভাগ ভালো হয় না। এ কারণেই ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।’
মিনহাজুল জানেন, সাকিবকে ছাড়া বাংলাদেশ দলের পরিকল্পনাই সাজাতে হবে নতুন করে, ‘বিশ্বের এক নম্বর অলরাউন্ডার থাকবে না, এটা অবশ্যই দলের জন্য চিন্তার কারণ। তারপরও ম্যানেজ করতে হবে। চোটে পড়লে ওকে ছাড়া তো খেলতে হতো। এভাবেই মন-মানসিকতা তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে।’
দক্ষিণ আফ্রিকা সফরসূচি
সেপ্টে. ২১-২৩: প্রস্তুতি ম্যাচ, বেনোনি
সেপ্টে. ২৮-অক্টো. ২: ১ম টেস্ট, পচেফস্ট্রুম
অক্টো. ৬-১০: ২য় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টো. ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টো. ১৫: ১ম ওয়ানডে, কিম্বার্লি
অক্টো. ১৮: ২য় ওয়ানডে, পার্ল
অক্টো. ২২: ৩য় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টো. ২৬: ১ম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টো. ২৯: ২য় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম