চাওয়া অন্তত আর একটা টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আজকাল তাঁকে খুব কমই দেখা যায়। কয়েক দিন আগে ভারতের বিপক্ষে একটা টি-টোয়েন্টিতে খেলেছেন বটে। তবে ওটাও ছিল বছরখানেক পর ক্রিস গেইলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। দেশ-বিদেশের টি-টোয়েন্টি লিগগুলোয় দাপিয়ে বেড়ানো গেইলকে কি তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার রোমাঞ্চটা স্পর্শই করে না?
গেইল অবশ্য দাবি করছেন, এখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটাই তাঁর কাছে সবচেয়ে বেশি রোমাঞ্চকর। এ কারণেই আবারও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার প্রবল ইচ্ছে তাঁর, বিশেষ করে সাদা পোশাকে। ক্যারিয়ার শেষ করার আগে অন্তত আর একটা হলেও টেস্ট খেলতে চান ওয়েস্ট ইন্ডিজের হয়ে।
সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের বিপক্ষে। এরপর গেইলকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজ আরও ২৪টি টেস্ট খেলে ফেলেছে। ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডেতেও দেখা যায়নি গেইলকে। তবে সম্প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। গেইলের মতো আরও অনেককে জাতীয় দলে নিয়মিত দেখতে পাওয়ারও একটা সুযোগ তৈরি হয়েছে।
প্রায় এক বছর পর যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামলেন, সেই অনুভূতি কেমন ছিল? গেইল যেন ভুলে যাওয়া আনন্দের স্বাদ পেয়েছেন আবারও, ‘খেলোয়াড় হিসেবে আমি সব সময় ওয়েস্ট ইন্ডিজের কাছে কৃতজ্ঞ, কারণ ওখান থেকেই তো সবকিছুর শুরু। ক্রিকেট নিয়ে আমরা সবাই খুব আবেগপ্রবণ এবং যখন মাঠে নামি, প্রত্যাশাটাও থাকে বিশাল। মেরুন জার্সিটার সঙ্গেই ওই প্রত্যাশার চাপটা চলে আসে। সত্যি করে বলছি, ওই জার্সিটা পরতে আমি গর্ব বোধ করি।’
বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়াতেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিধ্বংসী এই ওপেনিং ব্যাটসম্যান। টেস্টে বিরতি পড়েছে সবচেয়ে বেশি। যাতে মনে হতে পারে, বোধ হয় টেস্ট ক্রিকেট খুব একটা উপভোগ করেন না গেইল। টি-টোয়েন্টিই তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু গেইল বললেন উল্টো কথাই, ‘আমি টেস্ট ক্রিকেটটাকেই বুকের মধ্যে সবচেয়ে বেশি ধারণ করি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্যারিয়ারটাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারণ ওটার জন্যই আমি সবচেয়ে বেশি পরিশ্রম করেছি। দুটি ট্রিপল সেঞ্চুরি আর চল্লিশের ওপর গড়ই আমার হয়ে কথা বলে।’
ক্রিকেটের যে সংস্করণটা তাঁর এত প্রিয়, সেটা থেকেই অভিমানে দূরে ছিলেন অনেক দিন। ওদিকে বয়স ৩৭ পেরিয়ে গেছে। তবে সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আবার খেলার ইচ্ছেটা কিন্তু এখনো প্রবল, ‘আমি এখনো টেস্ট খেলতে চাই। অন্তত একটা শেষ টেস্ট হলেও। আমি নিশ্চিত না, আমার শরীর পাঁচ দিনের ম্যাচের ধকল সামলাতে পারবে কি না। কিন্তু শেষ একটা টেস্ট হলেও আমি খুশি।’
শেষ পর্যন্ত তাঁর এই ইচ্ছে পূরণ হোক বা না হোক, গেইলের কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কিছু পরিবর্তন কিন্তু এসেছে। এই যে দীর্ঘদিন ধরে ব্রাত্য খেলোয়াড়দের আবার জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে সিডব্লুআই, সেটাও কিন্তু গেইলরা নিজেদের অবস্থানে অটল ছিলেন বলে। এই ভূমিকাটা রাখতে পেরেও আনন্দিত গেইল, ‘আমার কারণে গত দুই বছরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। বোর্ডের কথা যদি বলি, আমি ওদের অনেকভাবে সাহায্য করেছি। সবার উচিত আমাকে ধন্যবাদ দেওয়া।’ ক্রিকবাজ।