চাওয়া শুধুই 'ভালো' খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক দিনেশ চান্ডিমালের আলোচনায়ও নিশ্চয়ই ফাইনালই ছিল। কাল মিরপুরে l প্রথম আলো
শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক দিনেশ চান্ডিমালের আলোচনায়ও নিশ্চয়ই ফাইনালই ছিল। কাল মিরপুরে l প্রথম আলো

সিরিজটার শুরু থেকেই চন্ডিকা হাথুরুসিংহের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে। তা ম্যাচটা যখন বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে, তা-ও আবার ফাইনাল, হাথুরুসিংহের প্রসঙ্গ না এসে পারে? 

কিন্তু তাই বলে এভাবে! ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে কাল শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমালের দিকে প্রশ্নই ছুটে গেল, আপনারা কি টুর্নামেন্টটা হাথুরুসিংহের জন্যই জিততে চান?
চান্ডিমাল বিতর্ক পাশ কাটিয়ে হাঁটলেন গৎবাঁধা উত্তরের পথে। প্রথমে বললেন, ‘জয় সব সময়ই গুরুত্বপূর্ণ।’ এরপর ভালো খেলোয়াড়ের পাশাপাশি ভালো কোচের ‘গুরুত্ব ও প্রয়োজনীয়তা’র আলোকপাত শেষে বললেন, ‘কাল (আজ) ভালো খেলার চেষ্টা করব-এটাই মূল কথা।’
শুধু ভালো খেলা! ফাইনাল ম্যাচে কোথায় শিরোপা জয়ের কথা বলবেন, তা না, চান্ডিমাল বললেন ‘ভালো খেলা’র কথাই!
শব্দজোড়া অবশ্য কাল বেশ কয়েকবারই এল লঙ্কান অধিনায়কের সংবাদ সম্মেলনে। এল বিভীষিকাময় ২০১৭-এর পর ট্রফি জিতে শ্রীলঙ্কার নতুন বছর শুরুর সম্ভাবনার প্রশ্নেও। তাতে নতুন কোচের অধীনে দলে বদলের কথা বললেন চান্ডিমাল। বদলটা কী? ‘ফল নয়, মাঠে নেমে ভালো ক্রিকেট খেলা নিয়েই ভাবি আমরা। দলে সবচেয়ে বড় বদল এখন এটি’-চান্ডিমালের উত্তর।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যেমন খেলেছে শ্রীলঙ্কা, এর চেয়ে ভালো খেলা কঠিনই। তবে দাপুটে ওই জয়েই ফাইনালে নিজেদের ‘ফেবারিট’ ভাবছেন না চান্ডিমাল। বাংলাদেশের নিজেদের মাঠ না!
মাঠ মানে পিচ প্রসঙ্গ। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচের আগের দিন মাঠে তিনটা পিচ তৈরি হচ্ছিল দেখে বিরক্তি জানিয়েছিলেন চান্ডিমাল। কাল কী দেখলেন? এবার চান্ডিমাল হেসেই বললেন, ‘এবার ওরা মাত্র একটা পিচ তৈরি করছে। (হেসে) আমার প্রশ্ন, ওরা একটা পিচ কেন বানাচ্ছে? তবে পিচ যেমনই হোক, আমরা পরিকল্পনা মেনে ভালো খেলার চেষ্টা করব।’
আবার ভালো খেলা!