অবশেষে উইকেটের দেখা পেলেন সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেন পণ করেছেন সাকিবকে উইকেট দেবেন না। কিন্তু তা আর হলো কই? অবশেষে উইকেটের দেখা পেলেন দেশসেরা অলরাউন্ডারকে। তবে এ জন্য সাকিবকে অপেক্ষা করতে হলো ১২৭ বল! সর্বশেষ জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৭ রান। বাংলাদেশ এগিয়ে ১৪৬ রানে।
রেজিস চাকাভার পর রিচমন্ড মুতুম্বামির সঙ্গে আরেকটি বড় জুটি গড়ার চেষ্টা করেন এলটন চিগুম্বুরা। দুজনের ৭ম উইকেট জুটিতে আসে ৩৪ রান। এ জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই ‘হন্তারক’ হিসেবে সাকিবের আগমন। বাঁহাতি স্পিনারের খাটো লেংথের বলটা পুল করতে গিয়ে এলবিডব্লিউ মুতুম্বামি। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। পরের ওভারেই শিঙ্গি মাসাকাদজাকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বাধা হয়ে এখনো ৮৫ রানে উইকেটে আছেন চিগুম্বুরা।
সকালের সেশনে বাংলাদেশের ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা-সিকান্দার রাজা। সেই জুটি ভাঙলেন শফিউল ইসলাম। দ্বিতীয় সেশনে স্বাগতিকদের বাধা হয়ে দাঁড়াল রেজিস চাকাভা ও এলটন চিগুম্বুরার ষষ্ঠ উইকেট জুটি। এ জুটিও ভাঙলেন শফিউল। একই ধরনের দুটি বলে উইকেট পেলেন শফিউল। ভেতরে ঢোকা বলে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানের আউটের ধরনও এক—এলবিডব্লিউ! নতুন বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন উইকেটে থিতু হওয়া চাকাভা। ফেরার আগে করেছেন ৬৫ রান।
১৭২ রানে ৪ উইকেট ফেলে বেশ স্বস্তিতেই মধাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতির পর জুবায়ের হোসেনের বলে ক্রেইগ আরভিন ১৪ রানে ফিরলে ফলো-অনের শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে। এ পর্যায়ে বিপর্যয় সামাল দেন চাকাভা-চিগুম্বুরা। ষষ্ঠ উইকেট জুটিতে তোলা ১১৩ রানের কল্যাণে ফলো-অন এড়ায় জিম্বাবুয়ে।
প্রথম সেশনে জিম্বাবুয়ের রান উঠেছে ৮৭, উইকেট পড়েছে ৩টি। দ্বিতীয় সেশনে ১৩০ রানে উইকেট হারিয়েছে দুটি। আর শেষ সেশনে এখনো পর্যন্ত উঠেছে ২৭ রান, উইকেট পতন দুটি। আজ জিম্বাবুয়েকে বাংলাদেশের বোলাররা অলআউট করতে পারেন কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: